অ্যাঞ্জিওগ্রাম-অ্যাঞ্জিওপ্লাস্টি দূরের জেলায়ও, রাজ্যে ১৫টি ক্যাথল্যাব
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্ল্যাস্টি শুধু কলকাতা বা অন্য বড়ো শহরে হবে এমন নয়। ম্যাসিভ হার্ট অ্যাটাকের রোগীকে উত্তর ও দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলা থেকে পড়িমড়ি করে শহরের সরকারি হাসপাতালে হাজার হাজার টাকার যানবাহন খরচ করে এনে তবে বাঁচাতে হবে, এই দৃশ্যে বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে আবার গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে কয়েকশো কিমি পাড়ি দেওয়ার অর্থ হল, চিকিৎসার মূল্যবান ‘গোল্ডেন আওয়ার’ নষ্ট হওয়া। রোগীর হার্টের গুরুত্বপূর্ণ মাসল নষ্ট হওয়া। এমনকী মৃত্যুর আশঙ্কাও বেড়ে যাওয়া। তাই এবার ক্যাথল্যাব বসতে চলেছে বাংলার বিভিন্ন জেলা ও মহকুমার বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে। 

Advertisement

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থ সাহায্যে আসছে মোট ১৫টি ক্যাথল্যাব। এক-একটির দাম আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা। বসবে দার্জিলিং, জলপাইগু঩ড়ি, কোচবিহার, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, হাওড়া, উলুবেড়িয়া, পুরুলিয়া, ডায়মন্ডহারবার সহ ১৫ জায়গায়। সম্প্রতি এ নিয়ে বৈঠকে বসেন এই সংক্রান্ত এক্সপার্ট কমিটির সদস্যরা। সেখানে এই সিদ্ধান্ত হয়। আগামী একবছরের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবে রূপায়িত হবে।