Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটির গাড়ির দাপাদাপি, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে হাবড়ায়

মাটির গাড়ির দাপাদাপি, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে হাবড়ায়
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। তার উপর মাটিভর্তি গাড়ি যাওয়ায় পরিস্থিতি আরও সঙ্গীন হয়েছে। হাবড়ার কুমড়া পঞ্চায়েতের বুদোরহাটি থেকে নতুনহাট পর্যন্ত রাস্তার এমনই দশা। গরমে ধুলো আর বৃষ্টি হলে কাদা প্যাচপ্যাচে রাস্তা—এর মধ্যেই যাতায়াতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেও কোনও সুরাহা পাননি তাঁরা। 

Advertisement

হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের সোনাকেনিয়া এলাকায় দোফসলি চাষের জমির মাটি কেটে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। মাটি মাফিয়ারা এই কারবারের সঙ্গে যুক্ত। চাষজমি রীতিমতো বেশ কিছুটা গর্ত করে মাটি কাটা চলছে। ট্রাক্টর ও ম্যাক্স গাড়িতে মাটিবোঝাই করে চলে যাচ্ছে ইটভাটায়। এর জন্য মূলত কুমড়া পঞ্চায়েতের বুদোরহাটি থেকে নতুনহাটের রাস্তা ব্যবহার করা হয়। স্থানীয়দের অভিযোগ, মাটির গাড়ির জন্যই রাস্তার এতটা খারাপ অবস্থা। পিচের রাস্তা গোটাটাই যেন মনে হয় মাটির। শুকনো সময় মাটিবোঝাই গাড়ি গেলে ধুলোয় ঢেকে যায় চারপাশ। বৃষ্টির দু’ফোঁটা জল পড়লেই সেই রাস্তা হয়ে ওঠে কাদা প্যাচপ্যাচে। স্থানীয় বাসিন্দা হরিচাঁদ মণ্ডল, কৃপাসিন্ধু মণ্ডল বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। মূলত মাটির গাড়ির কারণে এই হাল। আমরা চাই, রাস্তা সারাই করা হোক।’ এ প্রসঙ্গে কুমড়া পঞ্চায়েতের প্রধান পুষ্পা বিশ্বাস বলেন, ‘মাটি মাফিয়াদের দাপাদাপিতে মানুষ অতিষ্ঠ হয়ে আমাদের লিখিত অভিযোগ করেছেন। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আমরাও চাই এই কারবার দ্রুত বন্ধ হোক।’ পুলিসের তরফে জানানো হয়েছে, মাটি মাফিয়াদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলে। কুমড়া গ্রাম পঞ্চায়েত এই থানা এলাকার এক প্রান্তে। সেখানে নজরদারি ও অভিযান বৃদ্ধি করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ