Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় রান্নার গ্যাস না পেয়ে ক্ষোভ চরমে, বুকিং ঘিরে হাতাহাতিতে উত্তেজনা

অনলাইন বুকিংয়েও মিলছে না সুরাহা। নির্দিষ্ট সময়ে রান্নার গ্যাস না পেয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। আর তার জেরেই শনিবার সকাল থেকে ফরাক্কার এনটিপিসি মোড় সংলগ্ন একটি গ্যাস সরবরাহ অফিসের সামনে লম্বা লাইন পড়ে যায়।

ফরাক্কায় রান্নার গ্যাস না পেয়ে ক্ষোভ চরমে, বুকিং ঘিরে হাতাহাতিতে উত্তেজনা
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: অনলাইন বুকিংয়েও মিলছে না সুরাহা। নির্দিষ্ট সময়ে রান্নার গ্যাস না পেয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। আর তার জেরেই শনিবার সকাল থেকে ফরাক্কার এনটিপিসি মোড় সংলগ্ন একটি গ্যাস সরবরাহ অফিসের সামনে লম্বা লাইন পড়ে যায়। গ্যাস বুকিং করাকে কেন্দ্র করে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় গ্রাহকদের মধ্যে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, লাইনে আগে দাঁড়ানো নিয়ে গ্রাহকরা নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল ছড়ায়। এক সঙ্গে এতো সংখ্যক গ্রাহককে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় ওই গ্যাস সরবরাহ অফিসের কর্মীদের। যদিও এ নিয়ে গ্যাস ডিসট্রিবিউটর মুখ খুলতে চাননি।

Advertisement

ফরাক্কার বিডিও সুজয় ব্যাপারি বলেন, এ নিয়ে আমার কাছে অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই এনটিপিসি মোড়ের ওই গ্যাস অফিসের সামনে প্রায় পাঁচশোর বেশি গ্রাহক লাইনে দাঁড়ান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। গত প্রায় কয়েকদিন ধরে এই অদ্ভূত পরিস্থিতি দেখা দিয়েছে। লাইনে আগে যাওয়ার তাড়াহুড়োতেই শুরু হয় ঠেলাঠেলি, বচসা। যা থেকে একসময় হাতাহাতি লেগে যায়। 
গ্রাহকদের অভিযোগ, বর্তমানে অনলাইনে গ্যাস বুকিংয়ের সুবিধা থাকলেও মাসের পর মাস কেটে গেলেও সিলিন্ডার বাড়ি পৌঁছাচ্ছে না। ফলে একপ্রকার বাধ্য হয়েই সরাসরি গ্যাস পেতে অফিসের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে এসে অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। গ্রাহকদের ক্ষোভের তির মূলত এক শ্রেণির অসাধু ডেলিভারি বয়ের দিকে। লাইনে দাঁড়ানো ভুক্তভোগী গ্রাহকদের একাংশ বিস্ফোরক অভিযোগ করেন। এক শ্রেণির অসাধু ডেলিভারি বয় মোটা অংকের অতিরিক্ত টাকার বিনিময়ে প্রকৃত বুকিং করা গ্রাহকদের বঞ্চিত করে অন্য লোকেদের গ্যাস সিলিন্ডার পাইয়ে দিচ্ছে। এই কালোবাজারির জেরেই এলাকায় গ্যাসের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। 
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে এদিন ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। বেনিয়াগ্রামের বাসিন্দা সরস্বতী হালদার বলেন, কোন সকালে এসেছি। পাঁচ ঘণ্টা লাইনে অপেক্ষা করে তবে গ্যাস বুকিং করলাম। একজন মহিলা হুড়োহুড়ি করে হাত মুচড়ে দিয়েছে! ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইনে বুকিং করেও যদি সিলিন্ডারের জন্য কাজ ফেলে ভোর থেকে লাইনে মারপিট করতে হয়, তবে এই ব্যবস্থার লাভ কী? এলাকাজুড়ে এই তীব্র উত্তেজনা ও কালোবাজারির অভিযোগ উঠলেও গোটা পরিস্থিতি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের মালিকপক্ষ। এনিয়ে ডিস্ট্রিবিউটরের তরফে কোনো মন্তব্য করতে অস্বীকার করা হয়। একাধিক বার ফোন করা হলেও ফোন ধরেননি  তাঁরা। ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষের এই রহস্যজনক নীরবতায় গ্রাহকদের ক্ষোভের পারদ আরও চড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ