• আজ, শুক্রবার সম্পন্ন হবে পরিচালক অনীক দত্তের শেষকৃত্য। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল ১১.৩০টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত এনটি ১ (নিউ থিয়েটার্স) স্টুডিয়োর চারতলায় শায়িত থাকবে পরিচালকের মরদেহ। তার আগে পিস ওয়ার্ল্ড থেকে নন্দন-এ নিয়ে যাওয়া হবে মরদেহ। পরিজন ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালককে। গত বুধবার হিন্দুস্তান পার্কের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন পরিচালক। মেয়ে ঐশী ফেরার পর বৃহস্পতিবার শেষকৃত্য হওয়ার কথা ছিল অনীকের। এদিনই বিদেশ থেকে ফেরেন ঐশী। পরবর্তীতে পরিবারের তরফে জানানো হয়, বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার শেষকৃত্য হবে পরিচালকের। বৃহস্পতিবার বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ অনীকের পরিবারের সঙ্গে দেখা করেন।
বৃহস্পতিবার বিকেলের দিকে ফের ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশের গোয়েন্দারা। গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। অনীক দত্তর সমান ওজনের একটি বালিশ বারবার ছাদ থেকে নীচে ফেলা হয়। বালিশটি পড়ার পর চিহ্নিত এলাকার ছবি তোলা হয়। একেবারে ফিতে দিয়ে মেপেও নেওয়া হয়। কোনো ব্যক্তি ঝাঁপ দিলে যে জায়গায় তাঁর দেহ পড়বে, অন্য কোনোভাবে দুর্ঘটনা ঘটলে সেই একই জায়গায় তাঁর দেহ না-ও পড়তে পারে। দূরত্বের হেরফের বোঝার জন্যই এই প্রক্রিয়ার অবতারণা করে পুলিশ। গাছে ধাক্কা খেয়ে নির্দিষ্ট জায়গাতেই ওই বালিশ পড়ছে কি না, তা খতিয়ে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এদিনও দেখা যায়, ফ্ল্যাটের গেটের কাছেই পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। স্থানীয় এক দোকানি ঘটনার দিনের বিবরণ দিতে গিয়ে বলেন, ‘আমরা তো দুপুরের দিকে দোকানেই ছিলাম। আচমকা আওয়াজ শুনি। প্রথমে ভেবেছিলাম, মনে হয় গাছ ভেঙে পড়ল। তারপর এগিয়ে গিয়ে দেখি, একটা লোক একেবারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।’ অনীকের মৃত্যুতে বাকরুদ্ধ টলিউড। তাঁর এই পরিণতি মেনে নিতে পারছেন না পরিচালকের সহকর্মীরা।