Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিল ছবির ডাবিং হিন্দিতে কেন?

তামিল ছবির ডাবিং হিন্দিতে কেন?
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: তিন ভাষা নিয়ে তামিলনাড়ু সরকারের নীতির কড়া সমালোচনা করলেন অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। জোর সওয়াল করলেন হিন্দি নিয়ে। তিনি বলেন, ‘তামিলনাড়ুতে মানুষ হিন্দির বিরোধিতা করছেন। আর এটাই আমাকে অবাক করেছে। এতই যদি বিরোধিতা থাকবে তাহলে ব্যবসার কথা ভেবে তারা কেন তামিল সিনেমার হিন্দি ডাবিং করে? তারা বলিউডের থেকে টাকা দাবি করতে পারে। অথচ হিন্দিকে তারা গ্রহণ করতে পারছে না। এর পিছনে কী আদর্শ কাজ করছে তা আমি বুঝি না।’ তাঁর অভিযোগ, ডিএমকে ভাষা বিতর্কে দ্বিচারিতা করছে। 

Advertisement

শুধু সিনেমাই নয়, একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গও তুলে ধরেন পবন। তাঁর দাবি, হিন্দি নিয়ে যদি তাদের (তামিলনাড়ু) এতই অনীহা তাহলে উত্তরপ্রদেশ ও বিহার থেকে যখন শ্রমিকরা তামিলনাড়ুতে কাজ করতে আসেন, তখন তাঁদের আটকানো হয় না কেন? প্রতি বছর কাতারে কাতারে মানুষ হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে আসেন। সমীক্ষা বলছে, প্রতিবছর গড়ে সেই সংখ্যা অন্তত ১৫ থেকে ২০ লক্ষ। তারা (তামিলনাড়ু) এইসব হিন্দি ভাষাভাষির রাজ্য থেকে শ্রমিক এনে কাজ করিয়ে টাকা রোজগার করছে। তাহলে সেই ভাষার বিরোধিতা করা দ্বিচারিতা ছাড়া আর কী হতে পারে। তাই বিতর্ক না ছড়িয়ে বরং নিজেদের চিন্তাধারায় বদল ঘটানো দরকার। 
পাল্টা দিয়েছে ডিএমকেও। দলীয় নেতা টি কে এস এলানগোভান বলেন, তামিলনাড়ু চিরকাল দুই ভাষার নীতি নিয়ে চলছে। প্রতিটি স্কুলে তামিল ও ইংরাজি ভাষাতেই পড়ানো হয়। পবন কল্যাণের জন্মেরও বহুদিন আগে থেকে এই প্রথা মেনে চলছে তামিলনাড়ু। সেই ১৯৩৮ সাল থেকে আমরা হিন্দির বিরোধিতা করে আসছি। পরবর্তীকালে শিক্ষাবিদদের পরামর্শ মেনেই ১৯৬৮ সালে একটি বিল পাস হয়। হয়তো তখন পবন কল্যাণ জন্মানওনি। সেইজন্যই তামিলনাড়ুর নীতি সম্পর্কে তাঁর জানার কথাও নয়। 
পবনের বিরোধিতা করেছেন অভিনেতা প্রকাশ রাজও। তিনি বলেন, ‘আপনাদের হিন্দি আমাদের উপর চাপিয়ে দেবেন না। এটা কোনও ভাষাকে ঘৃণা করার প্রসঙ্গ নয়। সবটাই নিজেদের মাতৃভাষা ও সংস্কৃতিকে রক্ষার তাগিদ।’ ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ