সংবাদদাতা, চাঁচল: চোখের সামনে নদীতে তলিয়ে গেল মালদহের রতুয়ার শতাব্দী প্রাচীন শিবমন্দির। মন্দির বাঁচাতে সেচ দপ্তর বালির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার বিকেলে গ্রামবাসীদের চোখের সামনে গোটা মন্দিরটি গঙ্গার জলে তলিয়ে গেল। মুহূর্তের মধ্যে হারিয়ে যায় এলাকার বহু বছরের পুরনো স্মৃতি। এতে মন খারাপ রতুয়া ১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুনিরামটোলার বাসিন্দাদের। বেশকিছু দিন ধরে মুনিরামটোলায় ভাঙন চলছে। ভাঙনের মুখে পড়ে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় ছিল মন্দিরটি। পরিস্থিতি বুঝে মন্দির রক্ষায় বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। কিন্তু নদী ভাঙনের জেরে হার মানতে হল সবাইকে। রবিবার দুপুর থেকে মন্দিরের নীচের মাটি সরে যেতে শুরু করে। ধীরে ধীরে মন্দিরের পশ্চিমাংশ নদীর দিকে হেলে পড়ে। শেষ পর্যন্ত মন্দিরটি গঙ্গার জলে তলিয়ে যায়। -নিজস্ব চিত্র



