Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নেতাজি ইস্যুতে ডিগবাজি খেতে গিয়ে ফের আপত্তিকর ভাষা প্রয়োগ অনন্তর

নেতাজি সম্পর্কিত মন্তব্য থেকে ডিগবাজি খেতে গিয়ে আবারও আপত্তিকর ভাষার প্রয়োগ করে বসলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়।

নেতাজি ইস্যুতে ডিগবাজি খেতে গিয়ে ফের আপত্তিকর ভাষা প্রয়োগ অনন্তর
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নেতাজি সম্পর্কিত মন্তব্য থেকে ডিগবাজি খেতে গিয়ে আবারও আপত্তিকর ভাষার প্রয়োগ করে বসলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। দায় চাপালেন সংবাদমাধ্যমের উপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, ‘আমি এটা বলেছি যে নেতাজির বাপের তাগদ আছে নাকি যে আজাদ হিন্দ ফৌজ গঠন করে।’ তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। 

Advertisement

নেতাজি সম্পর্কে করা কুরুচিকর মন্তব্য সম্পূর্ণ অস্বীকার করে সংবাদমাধ্যমকে তীব্র আক্রমণ করেন অনন্ত মহারাজ। সংবাদমাধ্যম সম্পর্কে তিনি বলেন, কী পাগলের মত যাতা বকবক করছে। আমি কোথায় বলেছি নেতাজিকে কে মেরেছে। কথা শোনার আগে যদি কেউ বকবক করে থাকে তাহলে কী বলা যায়? ওরা পাগল হতে পারে, আমি তো আর পাগল হইনি। পাগলের প্রলাপ করতে থাকে। এরপর তাঁকে বলতে শোনা যায়, আমি নেতাজির মৃত্যু সম্পর্কে কিচ্ছু বলিনি। এটা কিন্তু মিডিয়া বলেছে, আমি বলিনি।
প্রসঙ্গত কিছুদিন আগে সংবাদমাধ্যমের সামনে নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন নগেন রায়। যা নিয়ে উত্তরবঙ্গ তথা রাজ্যজুড়ে ব্যাপক হইচই পড়ে যায়। কোচবিহার কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটি।  বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে কোচবিহার জেলার বিভিন্ন থানায়। অবসরপ্রাপ্ত সেনা কর্মী থেকে বিভিন্ন মহল রাস্তায় নেমে  প্রতিবাদ জানায়। পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামে বিজেপি। দলের জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় অনন্ত মহারাজের এই মন্তব্যের প্রতিবাদ করেন। তবে চাপের মুখে ভুল স্বীকার না করলেও নিজের করা মন্তব্য থেকে ইউটার্ন নিতে দেখা যায় অনন্ত মহারাজকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ