নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। জেনজি’দের দাবি মেনে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপর কেটে গিয়েছে দু’সপ্তাহ। এবার পদত্যাগ পর্ব নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। ধর্মেন্দ্রর দাবি, জেনজি আমাদের সন্তান। ওঁদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের সময় আন্দোলনকারীদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। তাঁর এই বক্তব্যে প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছে বিরোধীরা। একঝাঁক প্রশ্ন ছুড়েছে হাত শিবির। কংগ্রেস সাংসদ মনোজ কুমারের প্রশ্ন, প্রশ্নফাঁস হয়েছিল কি না, ধর্মেন্দ্র প্রধান জবাব দিন? ২০-২২ লক্ষ পরীক্ষার্থী কি সমস্যায় পড়েছিলেন? বহু পড়ুয়া আত্মহত্যা করেছিলেন কি না? তাঁদের কে ভুল পথে চালিত করেছে?



