Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ডিজিটাল অ্যারেস্টের শিকার ৮০ বছরের বৃদ্ধ, বনগাঁয় গায়েব ৪ লক্ষ

গোপালনগরে এবার ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। অবসরপ্রাপ্ত এক বৃদ্ধ এবার প্রতারণার শিকার।

‘ডিজিটাল অ্যারেস্টের শিকার ৮০ বছরের বৃদ্ধ, বনগাঁয় গায়েব ৪ লক্ষ
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: গোপালনগরে এবার ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। অবসরপ্রাপ্ত এক বৃদ্ধ এবার প্রতারণার শিকার। 

Advertisement

প্রতারকদের খপ্পরে পড়ে অবসরের সঞ্চয়ের প্রায় সাড়ে চার লক্ষ টাকা খোয়ালেন তিনি। বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। পুলিস তদন্ত শুরু করে। এবং বৃহস্পতিবার দু’লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস।
জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বৈরামপুরের বাসিন্দা আশি বছরের ওই বৃদ্ধের মোবাইলে একটি ভিডিও কল আসে। ফোনের ও প্রান্তে পুলিসের পোশাকে বসেছিলেন এক ব্যক্তি। তিনি বৃদ্ধকে বলেন, ‘আপনার বিরুদ্ধে দিল্লি আদালতে একটি কেস রয়েছে। আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো।’ ঘাবড়ে যান বৃদ্ধ। ভয় পেয়ে যান। তাঁকে তখন বলা হয়, ‘সব মিটিয়ে নেওয়া হবে। টাকা পাঠান।’ তারপর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়ে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। একপ্রকার কিছু না বুঝেই বৃদ্ধ চার লক্ষ টাকা পাঠিয়ে দেন। তারপর কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। পাঁচ ফেব্রুয়ারি বনগাঁ সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট খতিয়ে দেখে পুলিস। তারপর টাকা উদ্ধার প্রক্রিয়া শুরু করে। এখনও পর্যন্ত দু’লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চলছে।
পুলিস জানিয়েছে, ডিজিট্যাল অ্যারেস্ট হলো একটি সাইবার প্রতারণা। প্রতারকরা ফোন বা অন্য কোনও মাধ্যমে ভিডিও কল করে। সরকারি তদন্তকারী সংস্থার আধিকারিক হিসেবে পরিচয় দেয়। প্রতারিতদের কৌশলে অপরাধী বলে চিহ্নিত করে, ভয় দেখিয়ে টাকা আদায় করে। ডিজিট্যাল অ্যারেস্ট এখন সমাজে কার্যত আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। পুলিস বিভিন্ন মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে প্রচার চালায়। অচেনা নম্বর থেকে ভিডিও কল না ধরতে লাগাতার অনুরোধ করে চলে নাগরিকদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ