Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আম্রুত প্রকল্প: রায়গঞ্জে আরও ১৪ হাজার পরিবারকে জলের সংযোগ

আম্রুত প্রকল্পের মাধ্যমে শহরের আরও ১৪ হাজার পরিবারকে পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রায়গঞ্জ পুরসভা।

আম্রুত প্রকল্প: রায়গঞ্জে আরও ১৪ হাজার পরিবারকে জলের সংযোগ
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আম্রুত প্রকল্পের মাধ্যমে শহরের আরও ১৪ হাজার পরিবারকে পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রায়গঞ্জ পুরসভা। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠিয়েছে পুর কর্তৃপক্ষ। প্রশাসনিক প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন হলে পুজোর মরশুমেই হয়তো নতুন করে বিপুল সংখ্যক বাসিন্দা পানীয় জলের সংযোগ পেতে পারেন। এ প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমাশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম পর্যায়ে শহরের প্রায় ২০ হাজার পরিবারের কাছে পরিস্রুত পানীয় জল পৌঁছনোর কাজ চলেছে। এক্ষেত্রে লাইন বসানো এবং জলের গুণমান যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। শীঘ্রই ২০ হাজার পরিবার জল পাবে। পরবর্তীতে আরও ১৪ হাজার পরিবারে জল সরবরাহের পরিকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে। আশা করছি, এ ব্যাপারে শীঘ্রই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। 

Advertisement

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে আম্রুত প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের জন্য কাজ শুরু হয়। কিন্তু নানা কারণে সেই কাজ বিলম্বিত হয়। মাঝে করোনার জন্য কিছুটা সমস্যা হয়। তবে শহরজুড়ে জলের পাইপলাইন পাতার কাজ শেষমেশ গতবছরই সম্পন্ন হয়ে যায়। 
এরপর শহরে কয়েকদিনের জন্য ২০ হাজার বাড়িতে পানীয় জল সরবরাহ শুরু হয়। কিন্তু বিধানসভা ভোট পর্ব সম্পন্ন হতেই তা থমকে যায়। পরবর্তীতে সেই জলের লাইন সাফাই করিয়ে ফের চালু করা হবে। 
অন্যদিকে আরও ১৪ হাজার পরিবারকে জলের সংযোগ দিতে নতুন করে কাজ শুরু করার লক্ষ্যে এগচ্ছে পুর কর্তৃপক্ষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ