তিরুভাল্লুর: তামিলনাড়ুর কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত দুই মহিলা শ্রমিকের। অসুস্থ হয়ে পড়েন আরও ৬২ শ্রমিক। তাঁদের মধ্যে ৪৪ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এঁদের বেশিরভাগই উত্তর ভারতের পরিযায়ী শ্রমিক। গ্যাস লিকের খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে এনডিআরএফ, দমকল ও পুলিশ। কারখানার পাইপলাইন থেকে গ্যাস লিক করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান প্রশাসনের। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়মের কাছে রয়েছে সি-ফুড প্রক্রিয়াকরণের কারখানাটি। রবিবার সকালে সেই কারখানা থেকে আচমকাই অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। গ্যাস আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। কারখানায় তখন শ্রমিকরা কাজ করছিলেন। তাঁদের বেশিরভাগই মহিলা। গ্যাস লিক হতেই তাঁদের শ্বাসজনিত সমস্যা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে দমকল, এনডিআরএফ, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। গুরুতর অসুস্থ অবস্থায় ৯ জন শ্রমিককে তিরুভাল্লুরে রাজীব গান্ধী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি অসুস্থদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে। পাশাপাশি কারখানা এলাকায় একটি মেডিকেল টিম পাঠিয়েছে তামিলনাড়ুর স্বাস্থ্যদপ্তর। এদিকে, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে সরকার। মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।