নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে পা রাখবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। সেখান থেকে সড়কপথে তিনি সোজা পৌঁছবেন নিউ টাউনের অভিজাত হোটেলে। রাতে বিধানসভা ভোটের কৌশল নিয়ে সংক্ষিপ্ত বৈঠক সারবেন শাহ। আজ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপশাসনের বিভিন্ন দিক তুলে ধরতে লিখিত এক রাজনৈতিক দলিল প্রকাশ করবেন। বঙ্গ বিজেপি যাকে চার্জশিট হিসাবে প্রচার করছে। যদিও ইতিমধ্যে বিধানসভা ভিত্তিক এই চার্জশিট প্রকাশ করেছে পদ্ম পার্টি। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে বাংলার বিবিধ অনুন্নয়নের সাতকাহন তুলে ধরে ভোটে প্রচার সপ্তমে চড়াতে চাইছে প্রধান বিরোধী দল। আজ সকাল থেকে দফায় দফায় রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে ভোটের গুরুত্বপূর্ণ আলোচনা সারবেন তিনি।



