


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: প্রথম দফার ভোটের দিনই জমজমাট হতে চলেছে আরামবাগের ময়দান। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরামবাগে ভোটগ্রহণ। তবে আগামি বৃহস্পতিবার প্রথম দফার ভোট চলাকালীন পুরশুড়া বিধানসভার মায়াপুরে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিনই খানাকুল ও আরামবাগে প্রচার কর্মসূচিতে আসার কথা তৃণমূল সাংসদ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের। তার আগে আজ, বুধবার আরামবাগে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য।
আগামী আরামবাগ মহকুমার চার আসন বিজেপির দখলে থাকলেও এবার তৃণমূল সেগুলি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। ফলে তারকা প্রচারের নিরিখে বিজেপির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল শিবির বলে দাবি রাজনৈতিক মহলের। প্রার্থীরাও প্রচারে বেরিয়ে বিপুল সাড়া পাচ্ছেন বলে জানাচ্ছেন। ইতিমধ্যেই আরামবাগে সভা করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে খানাকুলেও দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেছেন তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি, খানাকুল, পুরশুড়ায় দলীয় প্রার্থীদের নিয়ে রোড শো করেছেন অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক। এবার প্রথম দফার ভোটের দিনই বৃহস্পতিবার আরামবাগে আসতে পারেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। ওইদিন খানাকুলের ধরমপুরে তাঁর কর্মসূচি।
খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় বলেন, ইউসুফ পাঠানের ধরমপুরে সভা করার কথা। ইতিমধ্যেই আমরা সভার জন্য মাঠের পরিকাঠামো দেখে নিয়েছি। ওইদিন খুদেদের সঙ্গে ক্রিকেট প্রদর্শনীর আয়োজনও রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রথম দফার ভোটের দিনই ইউসুফ আরামবাগ শহরে রোড শো করতে পারেন। সেই কর্মসূচি ঘিরেও তৃণমূলের অন্দরে চলছে প্রস্তুতি। রেকর্ড ভিড় করে ওই রোড শো পল্লীশ্রী থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত হওয়ার কথা। তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, ইউসুফ পাঠানকে ঘিরে যুব সমাজের মধ্যে আকর্ষণ রয়েছে। ওইদিন রোড শো-তে বিপুল সংখ্যক যুবরা থাকবেন। এছাড়া পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে মায়াপুর এলাকায় অমিত শাহের সভা হওয়ার কথা রয়েছে। সেইজন্য মঙ্গলবার জনসভার মাঠে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি বৈঠক হয়। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সভা করতে আসছেন। পরের দিন আরামবাগ, খানাকুলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও আসার কথা। বাকি বিধানসভাগুলিতেও নানাবিধ কর্মসূচি হবে।