নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় বেজে গিয়েছে যুদ্ধের দামামা। তার আঁচ এসে পড়েছে ভারতেও। তৈরি হয়েছে জ্বালানি সংকটের আশঙ্কা। এই পরিস্থিতিতে ভারতের তেল ও গ্যাসের চাহিদা পূরণে বার্তা পাঠিয়েছে রাশিয়া। বসে নেই আমেরিকাও। ওয়াশিংটনের তরফেও একই বার্তা দেওয়া হয়েছে দিল্লিকে। রাশিয়া থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে মার্কিন বিদেশ দপ্তরের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ‘ভারতের উচিত বিকল্প পথ খুঁজে দেখা। আর এক্ষেত্রে আমেরিকার বিকল্প কেউই হতে পারবে না।’
বৃহস্পতিবার দিল্লিতে অবজারবার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত রাইসিনা ডায়লগ-এ বক্তব্য রাখছিলেন ল্যান্ডাউ। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতিতে ‘আমেরিকা ফার্স্ট’ বলতে শুধুমাত্র মার্কিন স্বার্থ সুরক্ষিত হবে, এমনটা নয়। অন্যান্য দেশও তাদের স্বার্থ দেখবে। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর দেশকে ফের মহান করে তুলবেন। তাঁর কথায়, বর্তমান শতাব্দী ভারতের উত্থান চাইছে। যেখানে ভারত ও আমেরিকা দু’দেশই তাদের স্বার্থ সুরক্ষিত রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।