সংবাদদাতা, বনগাঁ: চরম অমানবিক ঘটনার সাক্ষী রইল বনগাঁ! পুরো ভাড়া না দেওয়ায় গেল না অ্যাম্বুলেন্স। ফলে রেফার হওয়া যুবককে কলকাতা নিয়ে যেতে না পারায় বনগাঁ হাসপাতালে মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোর রাতে। প্রতিবাদে এদিন দুপুরে অ্যাম্বুলেন্স চালকদের ঘিরে বিক্ষোভ দেখায় মৃত যুবকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার রাতে ক্যাটারিংয়ের কাজ থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিন যুবক। মতিগঞ্জ বিএসএফ ক্যাম্প মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হন জিৎ মণ্ডল (২১), রাজা রায় ও অরিত্র ঘোষ। তাঁদের বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতালের চিকিৎসক জিৎ ও রাজাকে কলকাতা রেফার করেন। দুজনকে নিয়ে যেতে দুটি অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ ৭ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু সেই সময় তাঁদের কাছে ২৬০০ টাকা ছিল। সেই টাকা দিয়ে অ্যাম্বুলেন্স চালকদের যেতে অনুরোধ করা হয়। পরবর্তীতে টাকা মিটিয়ে দেবে বলে জানান আত্মীয়রা। কিন্তু অ্যাম্বুলেন্স চালকরা জানান, ‘পুরো টাকা না দিলে চাকা এক পা গড়াবে না।’ এরপর নিরুপায় হয়ে প্রায় এক ঘণ্টা পর ৬ হাজার টাকা দিলেও অ্যাম্বুলেন্স মেলেনি। মাত্র ১ হাজার টাকার জন্য ১০টি মোবাইল ও দুটি বাইকের চাবি জমা রাখতে চেয়েছিলেন রোগীর আত্মীয়রা। তবুও যেতে রাজি হননি অ্যাম্বুলেন্স চালকরা। এরপর পুরো টাকা মেটালে প্রায় দেড় ঘণ্টা পর যেতে রাজি হন চালকরা। যদিও ততক্ষণে জিৎ মণ্ডলের মৃত্যু হয়। রাজাকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স কলকাতা রওনা হয়।
মঙ্গলবার দুপুরে ঘটনার প্রতিবাদে অ্যাম্বুলেন্স ইউনিয়নের সামনে বিক্ষোভ দেখায় মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা। হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। মৃত যুবকের বন্ধু রাজু কর্মকার বলেন, শুধুমাত্র টাকার জন্য অ্যাম্বুলেন্স না পাওয়ায় আমার বন্ধুকে বিনা চিকিৎসায় মরতে হল। একই অভিযোগ মৃত যুবকের দাদার। এবিষয়ে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য বলেন, আমি ঘটনার কথা শুনেছি। কারও দোষ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলব।
যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অ্যাম্বুলেন্স ইউনিয়নের সদস্যরা। তাঁদের দাবি, এরকম কোনো ঘটনা ঘটেনি। অনেক সময় কম টাকাতেও আমরা রোগী নিয়ে যাই। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, অ্যাম্বুলেন্সের বিষয়ে আমার কাছে কেউ কিছু জানায় নি। রোগীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুল্যান্সের জন্য আবেদন করা হয়নি। মৃত জিৎ মণ্ডল