নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৬ ফেব্রুয়ারি আইএসএলে প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। তার এক সপ্তাহ আগে ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করে ফেলল লাল-হলুদ ব্রিগেড। ডেনমার্কের সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সোয়বার্গকে নিচ্ছে ইস্ট বেঙ্গল। সূত্রের খবর, ইতিমধ্যেই চুক্তিপত্রে সই হয়ে গিয়েছে। ভিসার আবেদনও করে দিয়েছেন ২৪ বছরের ড্যানিশ ফুটবলার। গত মরশুমে আমেরিকার মন্তেরি বে এফসি’তে খেলেছেন অ্যান্টন। আইসল্যান্ডের প্রিমিয়ার ডিভিসনের দল এইচ কে কোপাভোরে ছিলেন। তাদের হয়ে ২৬ টি ম্যাচে সোয়বার্গের গোলসংখ্যা ৯। মূলত বাঁ পায়ের এই ফুটবলার উইথড্রন স্ট্রাইকার হিসাবেও খেলতে পারেন। কোচ অস্কার ব্রুজোঁর পরামর্শেই তাঁকে চূড়ান্ত করল টিম-ম্যানেজমেন্ট। উল্লেখ্য, কয়েকদিন আগেই স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফকে সই করিয়েছে মশাল বাহিনী। কলকাতায় পৌঁছে ইতিমধ্যেই অনুশীলনে নেমেছেন তিনি। কিন্তু নতুন দুই বিদেশি মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন তো? চলতি মরশুমে ১৩টি ম্যাচ খেলবে প্রতিটি দল। পা হড়কালেই সমূহ বিপদ। অনেকেরই ধারণা, আরও দ্রুততার সঙ্গে ফুটবলার রিক্রুট করা উচিত ছিল ইস্ট বেঙ্গলের। এদিকে, রবিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চোট পেয়েছিলেন মহম্মদ রাকিপ। চোখের উপরে ক্ষত বেশ গভীর। নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচে অনিশ্চিত। তবে কোচ অস্কার ব্রুজোঁ এই উইং ব্যাককে প্রথম ম্যাচে খেলাতে মরিয়া।



