Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষা নামতেই কান্দি জুড়ে শুরু আমন চাষ, শ্রমিকের মজুরি বাড়লো ১০০ টাকা

বর্ষা শুরুতেই কান্দি জুড়ে আমন চাষ শুরু হয়েছে, তবে শ্রমিক সঙ্কটের কারণে মজুরি বেড়ে ৫০০ টাকা। কৃষকদের জন্য এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি। বিস্তারিত পড়ুন।

বর্ষা নামতেই কান্দি জুড়ে শুরু আমন চাষ, শ্রমিকের মজুরি বাড়লো ১০০ টাকা
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: বর্ষা নামতেই কান্দি মহকুমা জুড়ে শুরু হয়েছে আমন ধান ফলানোর পর্ব। তবে শুরুতেই শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। গত বছরের তুলনাই শ্রমিকের মজুরি বাড়লো ১০০ টাকা। প্রতিবেশি জেলা ও প্রতিবেশি রাজ্য থেকে শ্রমিকরা না আসার কারণেই এই সঙ্কট বলে চাষিরা জানিয়েছেন। একই সঙ্গে বর্ষা দেরিতে নামায় আমন চাষ প্রায় দুই সপ্তাহ পিছিয়ে গেল বলে চাষিরা দাবি করেছেন।

Advertisement

প্রসঙ্গত, কান্দি মহকুমা এলাকায় ফি-বছর ৮০ হাজার হেক্টরেরও বেশি জমিতে আমন চাষ হয়ে থাকে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে কান্দি ব্লকের হিজল পঞ্চায়েতে সবচেয়ে বেশি আমনের চাষ হয়। যে কারণে হিজল এলাকা জেলার ভাতঘর বলেও পরিচিত।
এদিকে সম্প্রতি মহকুমার অন্য এলাকার সঙ্গে হিজলেও আমনের চাষ শুরু হয়েছে। তবে শুরুতেই শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন জমির মালিকরা। হিজলের বাঘআছড়া গ্রামের চাষি ইসারুদ্দি শেখ বলেন, শ্রমিকের চরম সঙ্কট। জমিতে ধান পোঁতার জন্য দু’দিন আগে থেকে বলে রাখতে হচ্ছে। গতবছর এইসময় ৪০০ টাকায় শ্রমিক পাওয়া গেলেও এবছর পুরোপুরি ৫০০ টাকা খরচ করতে হচ্ছে।
শ্রমিকের মজুরি গোটা মহকুমা জুড়ে প্রায় একই রয়েছে। ভরতপুরের চাষি নজরুল শেখের কথায়, স্থানীয় শ্রমিক দিয়েই ধান পোঁতার কাজ করতে হচ্ছে, যে কারণে এই শ্রমিক সঙ্কট। এখনো পর্যন্ত দুই প্রতিবেশী জেলা বীরভূম ও ঝাড়খণ্ড থেকে শ্রমিকরা না আসার জন্য এই সঙ্কট তৈরি হয়েছে। এমন অবস্থা আরোও প্রায় দু’সপ্তাহ ধরে চলবে বলে মনে করা হচ্ছে। 
কান্দি ব্লকের নতুনগ্রাম কৃষি সমবায় কমিতির সভাপতি আশারুল শেখ বলেন, এখানকার মতন বীরভূম ও ঝাড়খণ্ডেও দেরিতে চাষ শুরু হয়েছে। ওখানকার চাষ শেষ করে তবে এখানে বাইরের শ্রমিকরা আসেন। কাজেই শ্রমিক সঙ্কট আরও দু’সপ্তাহ চলতে পারে।
এদিকে এবছর দেরিতে বর্ষা শুরু হওয়ায় চাষিরাও চিন্তিত। বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রামের চাষি সামানউল্লাহ বলেন, অন্যবছর শ্রাবণের মাঝামাঝি সময়ে আমনের চাষ শেষ হয়। কিন্তু এবছর এই মাসের প্রথম থেকে চাষ শুরু হল। কাজেই চাষ করে চিন্তা কিছুটা রয়েই গেল। কারণ এটি বন্যাপ্রবণ এলাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ