সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজোর আগে বাড়ি সংস্কারের স্বপ্নে লোন নিয়ে ছিলেন ময়নাগুড়ির বাসিন্দা পিযুষ রায়। লোনের টাকা জমাও হয়েছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু আচমকাই সেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল প্রায় ২ লক্ষ টাকা। সাইবার প্রতারণার শিকার হয়ে রীতিমতো মাথায় হাত ওই ব্যক্তির।
অভিযোগ, গত ৪ তারিখ রাতে আচমকাই তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে যায় ৯৯ হাজার টাকা। বিষয়টি সামলে ওঠার আগেই রবিবার সকালে ফের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় আরও ১ লক্ষ টাকা। সব মিলিয়ে মুহূর্তের মধ্যে প্রায় ২ লক্ষ টাকা খোয়া যাওয়ায় কার্যত দিশেহারা ওই ব্যক্তি। পুজোর আগে বাড়ির সংস্কার করার পরিকল্পনা ছিল তাঁর। সেই জন্যই লোন নিয়েছিলেন পিযুষ। এখন লোনের টাকা কীভাবে শোধ করবেন, আর কীভাবেই বা পুজোর আগে বাড়ির কাজ শেষ করবেন তা নিয়েই কপালে চিন্তার ভাঁজ। ঘটনার পর রবিবার ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পিযুষ রায়। সাইবার সহায়তা কেন্দ্রের আধিকারিকদের প্রাথমিক অনুমান তাঁর মোবাইলে একটি থার্ড-পার্টি অ্যাপ রয়েছে। ওই অ্যাপের মাধ্যমেই কোনওভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার সহায়তা কেন্দ্র। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।