দেরাদুন, ২৩ জুলাই: নিটের প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল গোটা দেশ। রাজধানী নয়াদিল্লি-সহ সারা দেশেই চলছে পড়ুয়াদের বিক্ষোভ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও উঠে গিয়েছে। তার মধ্যেই ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ। এবার উত্তরাখণ্ডে। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের বীর মাধো সিং ভাণ্ডারী টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের দুটি সেমেস্টারের পরীক্ষা চলছিল। তাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। সত্যতা প্রমাণ হতেই সংশ্লিষ্ট পরীক্ষাগুলি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, পরীক্ষার আগে হোয়াটস অ্যাপ গ্রুপে একটি প্রশ্নপত্র শেয়ার করেন খোদ ইঞ্জিনিয়ারিং কলেজেরই সহ অধ্যাপক আশিস কুমার গুপ্তা। পরীক্ষার সময় দেখা যায় হুবহু সেই প্রশ্নপত্রই পরীক্ষায় এসেছে। ফলে পরীক্ষার আগেই ওই হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়াদের কাছে ছড়িয়ে পড়েছিল। এই বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে বলেও দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বাতিল হওয়া ২টি বিষয়ের পরীক্ষা চলতি বছরের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে নেওয়া হতে পারে। পাশাপাশি কলেজকে অনুরোধ করা হয়েছে যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা যেন সকল পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়। যাতে তাঁরা পুনঃপরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারেন।



