Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ

কেতুগ্রামে বিজেপি প্রার্থী অনাদি ঘোষের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। শনিবার কোমরপুরে এক ব্যক্তিকে খাম দিতে দেখার পরেই কমিশনের কাছে অভিযোগ জানায় আইএসএফ

কেতুগ্রামে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামে বিজেপি প্রার্থী অনাদি ঘোষের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। শনিবার কোমরপুরে এক ব্যক্তিকে খাম দিতে দেখার পরেই কমিশনের কাছে অভিযোগ জানায় আইএসএফ। তাদের অভিযোগ, বিজেপি প্রার্থী টাকা বিলি করছেন। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। 

Advertisement

কেতুগ্রামের চর সুজাপুরের বাসিন্দা অনাদি ঘোষ ওরফে মথুরাকে এবারও বিজেপি প্রার্থী করেছে। এদিন কোমরপুরের দক্ষিণ পাড়াতে প্রচারে গিয়েছিলেন তিনি। স্থানীয় এক ব্যক্তিকে একটি লাল খাম দিতে দেখা যায় অনাদিকে। সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। আইএসএফের দাবি, ওই খামের ভিতরে নাকি টাকা ছিল। এ বিষয়ে আইএসএফ প্রার্থীর নির্বাচনি এজেন্ট তথা ডিওয়াইএফওয়াই নেতা মিজানুল কবির ধীরাজ বলেন, আমি নির্বাচন কমিশনকে ছবি সহ অভিযোগ জানিয়েছি। বিজেপি সাংগঠনিক ভাবে মোকাবিলা করতে না পেরে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। 
অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী অনাদি ঘোষ বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কোমরপুরে একটি মন্দিরে ওরা আমাকে নিয়ে পুজো দিতে চেয়েছেন। চাঁদাও কেটেছেন। আমি তাঁদের এখনও কিছুই দিতে পারিনি নির্বাচনি বিধি চালু থাকায়। ওরা একটি লাল খামের ভিতরে আমাকে চাঁদার রসিদটা দিয়েছিল। আমি সেটাই হাতে করে নিয়ে ওদের ফিরিয়ে দিই। টাকা বিলি করিনি। আইএসএফ কেতুগ্রামে খাতা খুলতে পারবে না, তাই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। যদিও তৃণমূল প্রার্থী শেখ শাহনেওয়াজ বলেন, বিজেপি প্রার্থী কয়েকদিন আগে গাজন সন্ন্যাসীদের গামছা বিলি করেছেন। তাছাড়া প্রশাসনের কাছে অনুমতি না নিয়ে যেখানে সেখানে গিয়ে প্রচার করছেন। ওরা বুঝে গিয়েছে এবারে ওদের পরাজয় নিশ্চিত। তাই এসব করছে। 
কেতুগ্রামে আগের বার বিজেপির হেরেছিল। তারপরেও অনাদি ঘোষের উপরেই আস্থা রেখেছে দল। তিনি টিকিট পাওয়ার পরেই দলেরই একটা অংশের সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। তা নিয়ে তখন পাঁচুন্দিতে ঝামেলাও হয়। তবে এবারে প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগে সরব আইএসএফ। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, অভিযোগ নিয়ে তদন্ত করা দরকার। কমিশন এবার ভোট নিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে। সেখানে একজন বিজেপি প্রার্থীর টাকা বিলির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া উচিত।  

Advertisement
সম্পর্কিত সংবাদ