


সংবাদদাতা, উলুবেড়িয়া: আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এবার রাস্তা নির্মাণ নিয়ে বেনিয়ম। এমন অভিযোগ মিলেছে উলুবেড়িয়া ২ ব্লকের তুলসীবেড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায়। ইতিমধ্যে গ্রামবাসীদের পক্ষ থেকে এই নিয়ে উলুবেড়িয়া ২ বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ জমা করা হয়েছে। যদিও উলুবেড়িয়া ২ পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, ওই রাস্তার কাজ এখনো শেষ হয়নি। গ্রামবাসীদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে মাসখানেক আগে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সেখানে তুলসীবেড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় রাস্তা নির্মাণের প্রস্তাব পাশ হয়। ঠিক হয়, দু’টি পুকুরের মাঝখান দিয়ে যাওয়া এই রাস্তার দুই পাশে ইউ সি বোল্লা ও মাটি দিয়ে সংস্কার করা হবে। প্রকল্পের ব্যয় ধার্য করা হয় ২ লক্ষ ৪২ হাজার ৯৫৬ টাকা ৪৬ পয়সা। সেই মতো কাজও শুরু হয়। আর এই কাজ নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীদের বক্তব্য, এই রাস্তা দিয়ে রোজ ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রচুর মানুষের পাশাপাশি স্কুলের ছেলেমেয়েরাও যাতায়াত করে। বেহাল এই রাস্তা দিয়ে সাইকেল-বাইক নিয়ে যাওয়ার সময় অনেকেই পুকুরে পড়ে গিয়েছেন। তাই আমরা রাস্তা বরাবর পুকুরের দুটি পাড়ে ভালো করে পাইলিং দিতে বলেছিলাম। যদিও সেটা না করেই ঠিকাদার কাজ শেষের পর বোর্ড টাঙিয়ে চলে গিয়েছেন।
গ্রামের বাসিন্দা কল্যাণী পালুই বলেন, এই এলাকা সংস্কারের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, তাতে দু’টি পুকুরের দু’টি পাড়ে খুব সন্দরভাবে টালি দিয়ে পাইলিং করা যেত। কিন্তু তা না করে কয়েকটি শালবল্লা পুঁতে তার পাশে এক বস্তা করে মাটি ফেলে দিয়ে গিয়েছে। নির্বাচনের সময়ে এই স্কুলে বুথ হয়। নির্বাচনের আগে যদি রাস্তা ভালোভাবে সংস্কার না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন কল্যাণীদেবী। এদিকে, গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে উলুবেড়িয়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মালেকা খাতুন বলেন, প্রকল্পে যেভাবে কাজের কথা বলা হয়েছে সেইভাবেই কাজ হচ্ছে। এখনো ওখানে কাজ শেষ হয়নি। গ্রামবাসীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশা প্রকাশ করেন মালেকা খাতুন। নিজস্ব চিত্র