Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া শহরে বেআইনি নির্মাণ বৃদ্ধির অভিযোগ, কড়া পদক্ষেপের পথে প্রশাসন

কাটোয়া শহরে বেআইনি নির্মাণ বেড়ে যাওয়ার অভিযোগে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চলেছে। ১০টি বেআইনি নির্মাণের বিরুদ্ধে নোটিস দেওয়া হবে। বিস্তারিত পড়ুন।

কাটোয়া শহরে বেআইনি নির্মাণ বৃদ্ধির অভিযোগ, কড়া পদক্ষেপের পথে প্রশাসন
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া : রাজ্যে পালাবদলের পরে কাটোয়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলার পদত্যাগ করেছেন। ভেঙে গিয়েছে পুরবোর্ড। অভিযোগ, এই অস্থিরতার সুযোগে কাটোয়া শহর জুড়ে বাড়ছে বেআইনি নির্মাণ। কোথাও বিনা অনুমোদনেই বাড়ি সহ গোডাউন ঘর গড়ে উঠছে। আবার কোথাও  পুরসভার বিনা অনুমতিতেই দোতলা বাড়ি নির্মাণ হচ্ছে। শহর জুড়ে ১০টি বেআইনি নির্মাণ করা ব্যক্তিকে নোটিস ধরাতে চলেছে পুরসভা। তাঁদের শুনানিতে ডেকে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।  অভিযোগ উঠছে, শহর জুড়ে  বেআইনি নির্মানের প্রবণতা বেড়েছে। ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ জমা পড়েছে পুরসভায়। সম্প্রতি পুরসভা সাতটি বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছে। কাটোয়া থানার পুলিশ গিয়ে সেসব বাড়ির মালিককে নির্মাণ বন্ধ রাখার জন্য সতর্ক করে এসেছে।  

Advertisement

কাটোয়া শহরের ৪ নম্বর ওয়ার্ডে ১ টি, ৭ নম্বরে ৩ টি, ১২ নম্বরে ১ টি, ১৪ নম্বরে ১ টি, ১৫ নম্বরে ২ টি ও ২০ নম্বরে ১ টি বেআইনি নির্মাণ গড়ে উঠেছে৷ অভিযোগ, এর মধ্যে ১৪ ও ১৫ নম্বরে একটি করে মোট দু’টি দোতলা বাড়ি করা হয়েছে  পুরসভার কোনো অনুমতি না নিয়েই! ইতিমধ্যেই ২০ নম্বর ওয়ার্ডে একটি গোডাউন বেআইনি ভাবে করা হচ্ছে বলে পুরসভার কাছে অভিযোগ এসেছে। এসব ক্ষমতাসীন পার্টি বিজেপি ভালো চোখে নিচ্ছে না। 
কাটোয়ার বিজেপি নেতা অনিল দত্ত বলেন, আমরা দেখছি পালাবদলের পরেই কাটোয়া শহরে বেআইনি নির্মাণ বেড়েছে। কিন্তু রাজ্যের পুর ও নগরন্নোয়ন দপ্তরের মন্ত্রীর নির্দেশ রয়েছে কোথাও বেআইনি নির্মাণ করা যাবে না৷ দলও বরদাস্ত করবে না। বর্তমানে মহকুমা শাসক পুরসভার প্রশাসক। প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। 
পুর কর্মীদের দাবি, শহরে বাড়ি তৈরি করতে গেলে সাধারণত পুরসভার অনুমতি নিতে হয়। তারপর পুরসভার ইঞ্জিনিয়াররা ওই বাড়ির নকশা তৈরি করে প্ল্যান দেন। তারপরেই চেয়ারম্যান বাড়ি তৈরির ওই নকশায় সিলমোহর দেন। সেইসঙ্গে পুরসভার দেওয়া নকশা অনুযায়ী বাড়ি তৈরি হচ্ছে কি না তা পুরকর্মীরা নজর রাখেন। নকশার বাইরে গিয়ে বাড়ি নির্মাণ হলেই ওই বাসিন্দাদের নোটিস করে ডেকে পাঠিয়ে বেআইনি নির্মাণ দ্রুত ভাঙতে বলা হয়। এক্ষেত্রে অভিযোগ, পুরসভার নকশা দেওয়া সত্বেও ওই নকশার বাইরে গিয়ে বেআইনি নির্মাণ চালিয়ে গিয়েছেন বেশ কিছু বাসিন্দা। সেসবেরই এবার তদন্ত করে ব্যবস্থা নিতে চলেছে পুরসভা।   কাটোয়া শহরে বেআইনি নির্মাণ।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ