Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দামোদর নদ থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ আমতায়

দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগে দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল সেচদপ্তর।

দামোদর নদ থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ আমতায়
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগে দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল সেচদপ্তর। ঘটনাটি ঘটেছে আমতা থানার দামোদর নদের তীরে বেতাই এলাকায়। সূত্রের খবর, বেতাই এলাকায় দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ পাওয়ার পর সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন সেচদপ্তরের আধিকারিকরা। তাঁরা অভিযোগের সত্যতা যাচাইয়ের পর দামোদর থেকে বালি তোলা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি দু’জনের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন।

Advertisement

সেচদপ্তর সূত্রে খবর, আমতা বন্দর এলাকা এবং মান্দারিয়া সেতুর মাঝখানের অংশ থেকে বালি তোলা হচ্ছে। বেআইনিভাবে বালি তোলার ফলে বর্ষার সময় দামোদরের রিং বাঁধ সহ নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, সেচদপ্তরের ওই নির্দেশের পর মঙ্গলবার দামোদরের পাড়ে বালি তোলার কাজে ব্যবহৃত একটি ঝুপড়ি ভাঙচুর করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এদিন সকালে এলাকায় গিয়ে দেখা গেল, দামোদরের পাড়ে স্তূপ করে রাখা আছে বালি। বালি তোলার কাজে ব্যবহৃত নৌকা সহ বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গভীর রাত থেকে ভোর পর্যন্ত বালি তোলার কাজ হয়। প্রায় দু’সপ্তাহ ধরে বালি তোলা হচ্ছে। গ্রামবাসীদের বক্তব্য, প্রতি বছর বর্ষার সময় এখানে বন্যা হয়। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল নষ্ট হয়। এখন যেভাবে দামোদর থেকে বালি তোলা হচ্ছে, তাতে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা ফের বন্যার কবলে পড়ব। বালি তুলে নিয়ে যাওয়ার জন্য এলাকায় বনসৃজনের গাছও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়া কোনওভাবেই দামোদর নদ থেকে বালি তোলা যাবে না। সেচদপ্তরের এক আধিকারিক বলেন, অভিযোগ পাওয়ার পরেই সোমবার ঘটনাস্থলে গিয়ে বালি তোলার কাজ বন্ধ করা হয়েছে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ