Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খাদ্য ও সরবরাহ বিভাগে তোলাবাজি ও মোটা টাকার বিনিময়ে বদলির অভিযোগ, তদন্ত হবে, বললেন খাদ্যমন্ত্রী

রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে বদলি বাণিজ্য ও তোলাবাজির অভিযোগ উঠেছে। খাদ্যমন্ত্রী তদন্তের আশ্বাস দিয়েছেন। বিস্তারিত পড়ুন।

খাদ্য ও সরবরাহ বিভাগে তোলাবাজি ও মোটা টাকার বিনিময়ে বদলির অভিযোগ, তদন্ত হবে, বললেন খাদ্যমন্ত্রী
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে ‘বদলি-বাণিজ্য’ ও তোলাবাজির অভিযোগ উঠল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার খাদ্যদপ্তরে সরকারি আধিকারিকদের বদলির নাম করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। খাদ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ও ডিরেক্টরের কাছে সেই অভিযোগ জমা পড়েছে। ডিরেক্টরের কাছে অভিযোগটি জমা দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। দু’টি অভিযোগ পত্রেই বলা হয়েছে, খাদ্যদপ্তরের বিভিন্ন পদে বদলির জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে একটি ‘এমপ্লয়িজ ফেডারেশন’-এর ছত্রচ্ছায়ায়। এই চক্রের মূল হোতা হিসাবে মিন্টু বাগচীর নাম উঠে এসেছে। আর ইউডিসি হেড কোয়ার্টারে কর্মরত দেবাশিস রায় ও হেড কোয়ার্টারে পোস্টিং নিলয় চক্রবর্তী চক্রের অন্যতম সদস্য বলে অভিযোগ। চক্রটি প্রতাপ নায়েকের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। প্রভাব খাটিয়ে কর্মীদের বদলির ভয় দেখিয়ে তাঁরা টাকা আদায় করতেন এবং তা তৎকালীন শাসকদল তৃণমূলের তহবিলে ‘অনুদান’ হিসাবে পাঠাতেন বলে অভিযোগ। অভিযোগকারী সুজিত চক্রবর্তী বিষয়টি তদন্তের জন্য দপ্তরের উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। সেইসঙ্গে অভিযোগের কপি রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছেও পাঠানো হয়েছে।

Advertisement

এনিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, আমার হাতে অভিযোগটি এখনও আসেনি। তবে এটুকু বলতে পারি, চিঠি পাওয়ামাত্র সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে, তা এই আমলে হবে না। স্বজনপোষণ বা দুর্নীতিতে জিরো টলারেন্স এই সরকারের নীতি। দুর্নীতির সঙ্গে আপসের প্রশ্ন নেই। এ নিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, এতদিন দুর্নীতির নিয়ে কোনো পদক্ষেপ করেনি আগের সরকার। খাদ্যদপ্তরে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার তদন্তের দাবি জানিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ