Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নামখানায় সরকারি জমি দখল করে পাঁচিল তোলার অভিযোগ

সরকারি জমি দখলের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার লক্ষ্মীপুর মৌজায়।

নামখানায় সরকারি জমি দখল করে পাঁচিল তোলার অভিযোগ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সরকারি জমি দখলের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার লক্ষ্মীপুর মৌজায়। সেচদপ্তরের জমি দখল করে স্থায়ী কংক্রিটের নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ। বর্তমানে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা ও গ্রাম পঞ্চায়েতের প্রধান। জানা গিয়েছে, লক্ষ্মীপুর মৌজার হাতিকর্নার সংলগ্ন এলাকায় একাধিক দাগ নম্বরের সরকারি জমি একদল প্রভাবশালী ব্যক্তি দখল করে নিচ্ছেন। এমনকী সরকারি ডোবা ও পুকুরে মাটি ফেলে ভরাট করে সেখানে স্থায়ী কংক্রিটের নির্মাণ করা হচ্ছে। এই কারণে ওই এলাকার বেশ কয়েকটি পরিবার বিরাট সমস্যার মধ্যে পড়েছেন।

Advertisement

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রশান্ত মাঝি, সুভাষ গায়েনরা বলেন, নিজেদের রায়ত জমি বাদ দিয়েও, বেশ কয়েকজন ব্যক্তি মিলে সরকারি জমি দখল করে রেখেছেন। সেই জমির চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছেন। এর ফলে এলাকার জল নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা বলেন, গ্রাম পঞ্চায়েতকে অন্ধকারে রেখে কিছু ভুয়ো নথিপত্র দেখিয়ে এই কাজ চলছে। অভিযুক্তদের নামে কোনো বৈধ দলিল নেই। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
এদিকে, এলাকাবাসীর চাপে পড়ে শেষ পর্যন্ত নামখানার বিএলআরও ওই এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন। তিনি সরেজমিনে তদন্তের পর বিষয়টি নিয়ে অভিযোগকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে বিএলআরও শ্যামল সরকার বলেন, সরকারি জমি দখল হয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এলাকা পরিদর্শন করা হয়েছে। উভয়পক্ষকেই দপ্তরে ডাকা হবে। পূর্ণাঙ্গ তদন্তের পর আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ