Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোপীবল্লভপুর-২ ব্লকে সরকারি জমিতে বাড়ি তৈরির অভিযোগ

বাম আমলে সরকারি হাসপাতালের জমির পাট্টা দেওয়া হয়েছিল। সেই জমি বাস্তু করা হয়নি

গোপীবল্লভপুর-২ ব্লকে সরকারি জমিতে বাড়ি তৈরির অভিযোগ
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বাম আমলে সরকারি হাসপাতালের জমির পাট্টা দেওয়া হয়েছিল। সেই জমি বাস্তু করা হয়নি। তা সত্ত্বেও সেখানে বাড়ি তৈরি শুরু হয়েছে। গোপীবল্লভপুর-২ ব্লকের বেলিয়াবেড়ায় এমনই অভিযোগ উঠেছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ ও এলাকাবাসীর তরফে এবিষয়ে বিএলএলআরও দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

বিএলএলআরও ফোন না ধরায় এবিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। গোপীবল্লভপুর-২এর যুগ্ম বিডিও রাজীব মুর্মু বলেন, আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ঝাড়গ্রামে নানাভাবে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সরকারি নিয়মের বাইরে গিয়ে অনেকে পাট্টাও পেয়ে যাচ্ছে। বেলিয়াবেড়া গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের পাশে ওই পতিত জমি দীর্ঘদিন ধরে পড়ে ছিল। সেই জমির উপর কংক্রিটের বাড়ি তৈরি শুরু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি হাসপাতালের জমিতে ওই বাড়ি তৈরি করা হচ্ছে। একই দাবি স্থানীয় পঞ্চায়েতেরও।
এলাকার বাসিন্দা দেবাদিদেব দাস ওই বাড়ি তৈরি করছেন। তিনি বলেন, আমার ঠাকুরদা ১৯৭৯সালে এই জমির পাট্টা পান। জমিটি দীর্ঘদিন ধরেই পড়ে ছিল। এটি বাস্তু করার জন্য বিএলএলআরও দপ্তরে আবেদনও জানানো হয়েছে। তারপরই বাড়ির কাজ শুরু করেছি। কিন্তু বাস্তু জমি না হওয়া সত্ত্বেও কেন বাড়ি তৈরি করছেন-এই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
এলাকার বাসিন্দা স্বপনকুমার করণ ও যুগল ঘোষ বলেন, সরকারি হাসপাতালের জায়গায় বাড়ি তৈরি মেনে নেওয়া যায় না। বিএলএলআরও দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। আমরা চাই, এই বেআইনি কাজ বন্ধ হোক।
বেলিয়াবেড়া পঞ্চায়েতের প্রধান অসীমা রায় বলেন, সরকারি জমিটি দীর্ঘদিন ধরে পড়ে ছিল। হঠাৎ করে সেখানে বাড়ি তৈরি শুরু হয়েছে। এজন্য আমাদের থেকেও কোনো অনুমোদন নেওয়া হয়নি। আমরাও কাজ বন্ধের জন্য বিএলএলআরও দপ্তরে লিখিত আবেদন জানিয়েছি।
এলাকার এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে। প্রশাসনের কোনো নজর নেই। কিছুদিন আগেই নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ছেলের নামে খাসজমির পাট্টা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। বেশিরভাগ ক্ষেত্রে পদক্ষেপ না করায় সরকারি জমি দখল বিনা বাধায় চলছে।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ