


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা, পাশাপাশি প্রকাশ্যে এসেছে পদ্ম শিবিরের অন্দরের টানাপোড়েনের ইঙ্গিতও। বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার অভিযোগ, ডোমজুড়ের ২ নম্বর মণ্ডলের একাধিক এলাকায়, বিশেষ করে দেবীরপাড়া ও চামরাইল অঞ্চলে তাঁর সমর্থনে লেখা দেওয়ালগুলি পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। দেওয়াল লিখনে কোথাও মুছে দেওয়া হয়েছে প্রার্থীর নাম। কোথাও লেপে দেওয়া হয়েছে মাটি ও গোবর। রাতের অন্ধকারে এই কাজ করা হয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর। শুধু দেওয়াল লিখনই নয়, বিভিন্ন জায়গায় দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। বিজেপির দাবি, সম্প্রতি মেগা রোড শোয়ে জনসমাগম দেখে শাসকদল চাপে পড়ে গিয়েছে, সেই কারণে দেওয়াল লিখন মুছতে শুরু করেছে। বিজেপি প্রার্থীর মতে, এলাকায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করায় বিরোধীদের প্রচার থামাতে এই কৌশল নেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ খারিজ করে তৃণমূল প্রার্থী তাপস মাইতি পালটা দাবি করেছেন, ‘এটি সম্পূর্ণরূপে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল। প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরে দলের একাংশ এই ধরনের কাজ করছে।’ এমনকী দেওয়াল মুছে ফেলার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলেও দাবি তৃণমূল প্রার্থীর, যা গোটা ঘটনার ভিন্ন দিক তুলে ধরছে। তৃণমূলের দাবি, তাদের এই ধরনের নিম্ন রুচির কাজে জড়ানোর কোনো প্রয়োজন নেই।
প্রসঙ্গত, ডোমজুড়ে বিজেপির প্রার্থী নির্বাচন ঘিরে শুরু থেকে একাংশের মধ্যে অসন্তোষ ছিল বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে। স্থানীয় সূত্রের দাবি, প্রার্থীর প্রচার মূলত জগদীশপুরের নির্দিষ্ট কয়েকটি এলাকায় সীমাবদ্ধ রয়েছে।