Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচলায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, অস্বীকার শাসক দলের

বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে এলাকায় দলীয় পতাকা ও ফেস্টুন টাঙিয়েছেন এবং ওই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশও নিয়েছেন।

পাঁচলায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, অস্বীকার শাসক দলের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে এলাকায় দলীয় পতাকা ও ফেস্টুন টাঙিয়েছেন এবং ওই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশও নিয়েছেন। এজন্য পাঁচলা জুজুরশা এলাকায় বাবলু মান্না নামে এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতের এই ঘটনায় জুজুরশা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের পক্ষ থেকে পাঁচলা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করতে না পারায় রবিবার বিজেপি নেতা-কর্মীরা পাঁচলা পঞ্চানন্দতলায় পথ অবরোধ করেন। যদিও পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলেও নেন।

Advertisement

গত শুক্রবার পাঁচলায় বিজেপির পরিবর্তন যাত্রা ছিল। এই উপলক্ষ্যে ধুলাগোড় জুজুরশা রাস্তার দুইপাশে বিজেপি কর্মীরা দলীয় পতাকা, ফেস্টুন টাঙান। অভিযোগ, এরপর শনিবার রাতে ১৮/২০ জন স্থানীয় তৃণমূল নেতা কর্মী বিজেপির ৮২ নম্বর বুথের সভাপতি বাবলু মান্নার বাড়িতে চড়াও হন। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি তিনটি ফাঁকা স্ট্যাম্প পেপারে তাঁকে দিয়ে সই করিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। 
ঘটনার পর শনিবার রাতেই বিজেপি নেতা-কর্মীরা পাঁচলা থানায় বিক্ষোভ দেখান। পাশাপাশি তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বাবলু মান্নার অভিযোগ, শনিবার রাত সাড়ে ৮টার সময় আমাকে তুলে নিয়ে যায়। কেন এলাকায় ফেস্টুন মেরেছি, সেজন্য আমাকে মারধর করে। জোর করে ৩টে স্ট্যাম্প পেপারে সইও করিয়ে নিয়েছে। এমনকী রবিবার সকাল ১০টার মধ্যে আমাকে সমস্ত ফেস্টুন খুলে ফেলার কথাও বলে। মারধরের বিষয়টি কাউকে বললে ফের তুলে নিয়ে এসে মারধরের হুমকি দেয়। খলিল আহমেদ সামনে না আসলেও তিনিই লোকজন দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন বাবলু মান্না।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। তিনি বলেন, বিজেপির পায়ের নীচে মাটি নেই। তাই এলাকায় নানারকম সমস্যা সৃষ্টি করতে চাইছে। যেসব তৃণমুল নেতারা ঘরে ঘুমিয়েছিলেন, তাঁদের নামে মিথ্যা অভিযোগ করছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ