Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ দলেরই পালটা গোষ্ঠীর বিরুদ্ধে

বাগনানে বিজেপি কর্মী গৌতম বসুকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। বিস্তারিত পড়ুন।

বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ দলেরই পালটা গোষ্ঠীর বিরুদ্ধে
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অনৈতিক কাজের প্রতিবাদ করায় বাগনানে এক দলীয় কর্মীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে বাগনান থানায় বিক্ষোভ দেখায় বিজেপির গ্রামীণ জেলা সভাপতির পালটা গোষ্ঠীর লোকজন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিষয়টি ইতিমধ্যেই দলের রাজ্য সভাপতি শমীক ভট্টচার্যকে জানানো হয়েছে। জানা গিয়েছে, আগের সরকারের আমলে বাগনানের এনডি ব্লকে একটি বহুতল নির্মাণ হয়। বিজেপির অভিযোগ, বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই ওই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। গত শনিবার সকালে সেই কাজ ফের শুরু হতেই বিজেপি কর্মী গৌতম বসু ও অন্যান্যরা নির্মাণস্থলে গিয়ে প্রতিবাদ জানান। অভিযোগ, এরপরেই বিজেপির গ্রামীণ জেলার সভাপতির গোষ্ঠীর এক মহিলা নেত্রী গৌতম বসুর বিরুদ্ধে বাগনান থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রবিবার গৌতমবাবুকে আটক করে পুলিশ। এদিকে, এই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন জেলা সভাপতির পালটা গোষ্ঠীর লোকজন। তাঁরা থানার বাইরে বিক্ষোভ দেখান। গৌতম বসু অভিযোগ করেন, বাগনানে বিজেপির একাংশ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত। তিনি বলেন, এনডি ব্লকে একটি বেআইনি নির্মাণ বেশ কিছুদিন বন্ধ থাকার পর শনিবার জানতে পারি, ওই কাজ ফের চালু হয়েছে। তাই আমি সেখানে গিয়ে বিজেপির কয়েকজন নেতা-নেত্রীকে দেখতে পাই। গৌতমবাবুর অভিযোগ, বহুতল নির্মাণে যুক্ত কর্মীদের সঙ্গে আমাদের কর্মীদের সামান্য বচসা হয়। তারপরেই শুনি, আমার নামে বাগনান থানায় শ্লীলতাহানির মিথ্যা মামলা করা হয়েছে। তিনি বলেন, দলের কর্মীদের একাংশের স্বার্থে ঘা লাগতেই তাঁরা আমার নামে মিথ্যা মামলা করেছেন। যাঁরা এই মিথ্যা মামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে মোটা অঙ্কের মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন গৌতম বসু। 
বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্তর দাবি, ৪ মে’র পর নব্য বিজেপি’র লোকজনই এইসব বলছে। তিনি বলেন, ওখানে যে বহুতল নির্মাণ হচ্ছে, তার কাগজপত্র দেখার নাম করে গিয়ে ম্যানেজারকে মারধর করা হয়েছে। সেই সময় ওখানে থাকা বিজেপির এক মহিলা নেত্রীকে ধাক্কাধাক্কি ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন, নব্য বিজেপিরা পরিকল্পনা করে বহুতল নির্মাণের কাগজপত্র দেখতে চাইছে। আমি এইসব কাজে বাধা দিচ্ছি বলেই আমার নামে কুৎসা রটানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ