Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গোপালনগরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার দুই

মদের আসরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ।

গোপালনগরে যুবককে পিটিয়ে  খুনের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: মদের আসরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। ধৃতদের নাম নিত্য মুণ্ডা ওরফে নিত্যানন্দ মুণ্ডা এবং টোটন মুণ্ডারি। নিত্য গোপালনগর বৃদ্ধপাল্লার বাসিন্দা। টোটন চাকদহের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায়। শুক্রবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে বৃদ্ধপাল্লা খেলার মাঠের পাশে চাষের জমি থেকে বিশ্বজিৎ মুণ্ডার (৪০) মৃতদেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিতের সঙ্গে দুদিন আগে স্থানীয় ক্লাবে নিত্য ও টোটনের কথা কাটাকাটি হয়েছিল। টিভি দেখা নিয়ে তাদের মধ্যে বচসা হয়। বৃহস্পতিবার বিকেলেও তাঁদের ঝামেলা হয়েছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তিনজন একসঙ্গে মদ্যপান করেছিল। পরদিন সকালে বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি পুলিশের। পরিবার ও স্থানীয়দের দাবি, বিশ্বজিৎকে মারধর করে পটল খেতের মাচার দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় দুজনের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন মৃত বিশ্বজিতের দাদা। পুলিশ অভিযোগ পেয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সূত্র মারফত জানা গিয়েছে, এলাকার ওই ক্লাবে সন্ধ্যার পর মাঝেমধ্যে বসত মদের আসর। নিজেদের মধ্যে ছোটোখাটো ঝামেলা লেগেই থাকত। এবিষয়ে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার বলেন, কয়েকদিন আগে মদের আসরে ওদের মধ্যে একটি ঝামেলা হয়েছিল বলে শুনেছি। এদিন বাড়ি থেকে বিশ্বজিৎকে ডেকে নিয়ে গিয়ে মদের আসরে মারধর করে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। দোষীদের কড়া শাস্তির জন্য প্রশাসনকে বলব।

Advertisement
সম্পর্কিত সংবাদ