চেন্নাই: আইপিএল চলছে। স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্যালারিতে খেলা দেখতে মত্ত তামিলনাড়ুর মন্ত্রী ডি শরৎ কুমার। হঠাৎই তাঁকে দেখা গেল একটি ট্যাবলেট গুঁড়ো করতে। হাতে ডেবিট কার্ড এবং একটি পাঁচশো টাকার নোট। বেশ কয়েকমাস পুরানো সেই ভিডিয়োই নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে। মন্ত্রী মাদকাসক্ত—এই অভিযোগ তুলে শরতের ইস্তফা চেয়ে পথে নেমেছে বিরোধীরা। সোমবার রাজারত্নম স্টেডিয়ামের কাছে বিক্ষোভ দেখায় ডিএমকের ছাত্রশাখা। ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। আইপিএল ম্যাচের সময় অবশ্য মন্ত্রী ছিলেন না শরৎ। গত মাসেই তাঁকে শিক্ষাদপ্তরের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ২৬ জুন ছিল বিশ্ব মাদক বিরোধী দিবস। সেদিনই রাজ্যের মানুষকে সচেতন করতে একটি মাদক বিরোধী ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী। আর সেদিনই পুরানো ভিডিয়োটি ভাইরাল হয়। ঘটনা প্রসঙ্গে শরৎ বলেন, ‘ম্যাচ চলাকালীন মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। জলে মেশানোর জন্য ট্যাবলেট গুঁড়ো করেছিলাম।’ তবে এতে বিতর্ক থামছে না। ডিএমডিকের সাধারণ সম্পাদক প্রেমলতা বিজয়কান্ত বলেন, ‘জনপ্রতিনিধিদের আরও যত্নবান হওয়া উচিত।’ একদিকে যখন এই পরিস্থিতি, ঠিক সেই সময়ই দক্ষিণের এই রাজ্যে বিজেপির শরিক এআইএডিএমকের বিড়ম্বনা আরও বাড়ল। সোমবার কারুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দলের নেতা এম আর বিজয়ভাস্কর। এদিন বিধানসভার স্পিকার জে সি ডি প্রভাকরের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। এই নিয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার দলের ইস্তফা দেওয়া বিধায়কের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।



