নিজস্ব প্রতিনিধি, বারাসত ও বারাকপুর: সন্দেশখালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তের নাম আব্দুল আলিম মোল্লা। বিজেপির দাবি, পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল। পালটা তৃণমূলের দাবি, ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক। মঙ্গলবার সন্ধ্যায় সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানার মঠবাড়ি ইটভাটা মোড়ে এই ঘটনাটি ঘটে।
আক্রান্ত আব্দুল আলিম মোল্লার অভিযোগ, ২০২৪ সালের ভোট-পরবর্তী অশান্তির সময় বিজেপি সমর্থকদের আশ্রয় দেওয়ায় আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। পুরনো আক্রোশ থেকেই মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বয়ারমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অহিদ আলি সহ কয়েকজনের বিরুদ্ধে ন্যাজাট থানায় অভিযোগ করেছি। অন্যদিকে তৃণমূলের দাবি, গোটা বিষয়টাই পারিবারিক বিবাদ। অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এদিকে, ন্যাজাট থানার পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের অভিযোগের তদন্ত হচ্ছে।
অন্যদিকে বুধবার বারাকপুর আদালতে বিজেপি লিগ্যাল সেলের সদস্যরা ঝামেলায় জড়িয়ে পড়েন। দুই গোষ্ঠীর মারামারিতে গীতা সাহা নামে এক আইনজীবী গুরুতর জখম হন। তাঁর হাতে, বুকে চোট লাগে। হাসপাতালে চিকিৎসা করানো হয়। গীতা দেবীর অভিযোগ, দুদিন আগে যাঁরা তৃণমূল এবং সিপিএম ছিলেন, তাঁরাই এখন বিজেপি লিগ্যাল সেলে ঢুকতে চাইছে। তারাই গোলমাল পাকিয়েছে। আমি তৃণমূল আমলে একা বিজেপি করতাম। সকলে আমাকে চেনে। মিটিংয়ে ওঁদের দেখে আমি প্রতিবাদ জানিয়েছি, তাই আমাকে বেধড়ক মারা হল। এই ঘটনায় বারাকপুর আদালতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রবীণ আইনজীবীরা তীব্র ধিক্কার জানিয়েছেন।