Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্দিষ্টভাবে উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের আগে কর্মরত সব শিক্ষকই নর্মাল সেকশনে, শিক্ষাদপ্তরের ব্যাখ্যায় স্বস্তিতে দেড় লক্ষ

স্কুল শিক্ষকদের নর্মাল সেকশন এবং উচ্চ প্রাথমিকে ভাগ করা নিয়ে সমস্যার সমাধান করল শিক্ষাদপ্তর। বুধবার বিকাশ ভবনের তরফে স্কুলশিক্ষা কমিশনার ডিআইদের জানিয়েছেন, এবার থেকে আরএলএসটির মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষককে নর্মাল সেকশনের শিক্ষক হিসেবে গণ্য করতে হবে।

নির্দিষ্টভাবে উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের আগে কর্মরত সব শিক্ষকই নর্মাল সেকশনে, শিক্ষাদপ্তরের ব্যাখ্যায় স্বস্তিতে দেড় লক্ষ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল শিক্ষকদের নর্মাল সেকশন এবং উচ্চ প্রাথমিকে ভাগ করা নিয়ে সমস্যার সমাধান করল শিক্ষাদপ্তর। বুধবার বিকাশ ভবনের তরফে স্কুলশিক্ষা কমিশনার ডিআইদের জানিয়েছেন, এবার থেকে আরএলএসটির মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষককে নর্মাল সেকশনের শিক্ষক হিসেবে গণ্য করতে হবে। শুধুমাত্র ২০১৫ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শিক্ষক ২০২৪ সাল থেকে নিয়োগ করা হয়েছে, তাঁদেরই উচ্চ প্রাথমিক হিসেবে গণ্য করা হবে। তবে, যে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের উচ্চ প্রাথমিক স্তরের জন্য নিয়োগ করা হয়েছিল, তাঁরা সেই স্তরেই থাকবেন।

Advertisement

এধরনের শিক্ষকদের ক্ষেত্রে আগে ‘নর্মাল/উচ্চ প্রাথমিক/মাধ্যমিক’—এই তিনভাবে চিহ্নিত করা থাকত। শিক্ষাদপ্তর তাঁদের নির্দিষ্ট ভাগে ভাগ করতে শুরু করেছিল। তবে, তা নিয়ে আপত্তি ওঠার পরে তা বন্ধ হয়। গতবছর ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, দুবছরের মধ্যে সমস্ত বুনিয়াদি স্তরের (প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি) কর্মরত শিক্ষকদের টেট-এ উত্তীর্ণ হওয়া আবশ্যিক। ছাড় পাবেন শুধুমাত্র পাঁচবছর বা তার কম চাকরিজীবন রয়েছে এমন শিক্ষকরা। ওই রায়ের পরে এমন শিক্ষকদের নর্মাল সেকশনে রাখার দাবি তীব্র হয়। তাঁদের দাবি, নিয়োগ বিজ্ঞপ্তির সময় নর্মাল সেকশনের কথাই ছিল। এখন নতুন করে তাঁদের উচ্চ প্রাথমিকে নিয়ে যাওয়া হলে একদিকে তাঁদের ডিমোশন অন্যদিকে, তাঁরা আবশ্যিক টেট-এর আওতায় চলে আসবেন। এবার সেই সমস্যার সমাধান করেই ব্যাখ্যা দিল শিক্ষা দপ্তর।
শিক্ষকদের বেতন সংক্রান্ত আই-ওএসএমএস পোর্টাল, স্কুল ও শিক্ষকদের সাধারণ তথ্যভিত্তিক বাংলার শিক্ষা পোর্টালেও এই শিক্ষকদের নতুন করে নর্মাল সেকশনে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে ডিআই এবং প্রধান শিক্ষকদের। খ্রিস্টান সংখ্যালঘু দাতব্য সংগঠন বা সংস্থা পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষকদেরও একইভাবে গণ্য করা হবে। তবে, একেবারে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। শিক্ষক সংগঠন এসটিইএ এবং এপিজিটিডব্লুএ-র দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা এই স্পষ্ট ব্যাখ্যার দাবি 
জানিয়ে আসছিলেন। শিক্ষাদপ্তর এই দাবিতে মান্যতা দেওয়ায় তাঁরা খুশি। এর ফলে দেড় লক্ষ শিক্ষক বড়ো স্বস্তি পেলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ