Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

‘আধার সিডিং’ না হলে সব প্রকল্প-ভরতুকির টাকা বন্ধ

রাজ্য সরকারের আর্থিক অনুদান শুধুমাত্র আধার ‘সিডেড’ ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। অর্থাৎ, সাধারণ মানুষকে যদি সরকারি প্রকল্পের টাকা কিংবা ভরতুকি পেতে হয়, ‘আধার সিডিং’ ছাড়া গতি নেই।

‘আধার সিডিং’ না হলে সব প্রকল্প-ভরতুকির টাকা বন্ধ
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: রাজ্য সরকারের আর্থিক অনুদান শুধুমাত্র আধার ‘সিডেড’ ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। অর্থাৎ, সাধারণ মানুষকে যদি সরকারি প্রকল্পের টাকা কিংবা ভরতুকি পেতে হয়, ‘আধার সিডিং’ ছাড়া গতি নেই। কারণ, তালিকায় থাকতে চলেছে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে যাবতীয় আর্থিক প্রকল্প। এই সব প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত তত্পরতা শুরু হয়েছে ব্যাংক এবং ডাকঘরে। সাধারণ মানুষ সেখানে আধার সংযুক্তিকরণের জন্য আসছেন। লম্বা লাইনে দাঁড়িয়ে তিতিবিরক্তও হচ্ছেন।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর আগে লক্ষ্মীর ভাণ্ডার সহ যেসব আর্থিক অনুদান প্রকল্প চালু রেখেছিল, সেগুলির টাকা মানুষের নন সিডেড ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকত। বর্তমান রাজ্য সরকার জানিয়েছে, সেই প্রকল্পগুলি বন্ধ হবে না। গ্রাহকের অ্যকাউন্টে এবারও সরাসরি টাকা ঢুকবে। তাহলে তফাৎ কোথায়? প্রশাসনের এক কর্তার কথায়, এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে টাকা দেওয়া হতো পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এক্ষেত্রে সমস্যা হল, প্রকল্পের টাকা একই ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব। তাই এই পদ্ধতি সরিয়ে বর্তমানে আধার বেসড পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে একটি প্রকল্পের টাকা সংশ্লিষ্ট ব্যক্তির একটিমাত্র অ্যাকাউন্টেই পৌঁছাবে। কোনো ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে। সেক্ষেত্রে তিনি চাইলে তাঁর অ্যাকাউন্ট নম্বর বদলাতে পারবেন। ওই অ্যাকাউন্টের সঙ্গে তখন আধার সিডিং করাতে হবে। কর্তাদের কথায়, এরাজ্যে পিএম কিষান যোজনা চালুর পর উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি ছাড়া টাকা পান না। রাজ্য সরকারি প্রকল্পও এবার এক কায়দায় টাকা দেবে।
ব্যাংক কর্মীদের কথায়, বহু গ্রাহক জানেন না, তাঁর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি রয়েছে কি না। সেক্ষেত্রে আমাদের কাছে এলে, আমরা তাঁদের সে বিষয়ে জানিয়ে দিচ্ছি। যে কোনো গ্রাহক ইউআইডিএআইয়ের পোর্টালের মাধ্যমেও দেখে নিতে পারেন, তাঁরা আধার সংযুক্তি হয়ে রয়েছে কি না। যাঁদের নেই, তাঁরা ব্যাংকে এসে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করবেন এবং সিডিং করাবেন। বায়োমেট্রিক পদ্ধতিতে, অথবা মোবাইলে ওটিপির মাধ্যমে। এছাড়া ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআইয়ের পোর্টালের মাধ্যমেও সেই কাজ নিজেই করতে পারবেন গ্রাহক। ডাক বিভাগের কর্তাদের কথায়, যাঁরা ভিড়ের ভয়ে ব্যাংকে যেতে ভয় পাচ্ছেন, তাঁরা চাইলে পোস্ট অফিসেও আধার সংযুক্তি করাতে পারেন। এক্ষেত্রে তাঁকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সঙ্গে সঙ্গে সেটি আধার ‘সিডেড’ হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ