নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বাম, অতিবাম এবং ছাত্র ও যুব সংগঠনগুলিকে একছাতার তলায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে বাম নেতা-কর্মীরা মমতার সেই আহ্বান কড়া ভাষায় প্রত্যাখ্যান করতে নেমে পড়েছেন। আহ্বান আসতেই সিপিএমের মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা বলেছেন, ‘না’। তবে শুধু সিপিএম নয়, সিপিআই (এমএল) লিবারেশন, সিপিআই নেতৃত্বও মমতার ওই আহ্বানে সাড়া দিতে নারাজ। এমনকি, একদা জোটসঙ্গী বাম দল এসইউসি মমতার আকুল আহ্বানে ডাকে সাড়া দিচ্ছে না!
জোট বাঁধার জন্য বিজেপির বিরুদ্ধে যৌথ প্ল্যাটফর্মের ডাক দিয়েছিলেন মমতা। সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলছিলেন, ‘জাতীয় স্তরে তো ইন্ডিয়া আছে। সেখানে কংগ্রেস, বামপন্থী ও তৃণমূলও আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা হারিয়েছে। আর বিজেপি এসে তাণ্ডব শুরু করেছে। আমরা তো রাস্তায় আছি। আমাদের লক্ষ্য বাংলায় বামপন্থী শক্তির পুনর্জাগরণ। মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত নিজের দল সামলান। উনি রাস্তার আন্দোলনে নামুন। উনি বলছেন, ৪টে থেকে ৬টা আছি দেখা করতে আসুন। ওখানে আমরা কেউ যাচ্ছি না।’
২০০৯ ও ২০১১ সালের নির্বাচনে বাম দল এসইউসি তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছিল। সেই এসইউসির রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলছেন, ‘একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে কিছুদিনের জন্য ছিলাম। বিধানসভা শেষের সঙ্গে সঙ্গে সেটা ছিল না। আমরা আন্দোলনকারী সংগ্রামী বামপন্থার ঐক্য চাইছি।’
সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘কোনো প্রশ্নই আসে না। যিনি হেরে গিয়েও পদত্যাগ করতে চান না, তাঁর সঙ্গে গণআন্দোলন স্বপ্নের অতীত!’