নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: হুগলির সমস্ত বন্ধ জুটমিল দ্রুত খুলবে। বুধবার এমনই দাবি করেছেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী তথা শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, ইন্ডিয়া, হেস্টিংস, গোন্দলপাড়া সহ চারটি জুটমিল ১০ জুলাইয়ের পর একে একে খুলে যাবে। আমরা মালিকপক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করেছি। সেখানে ইতিবাচক আলোচনায় মিল খোলার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, আমরা শ্রমিকদের আবাসন সহ তাঁদের জন্য বরাদ্দ সমস্ত পরিষেবা সুষ্ঠুভাবে বহাল করার কথাও বলেছি। জানা গিয়েছে, শ্রমিক আবাসনের অব্যবস্থা নিয়ে বৈঠকে কথা হয়েছে। সেখানেই মালিকপক্ষকে ওই বিষয়ে রাজ্য সরকার সতর্ক করেছে। জগৎবল্লভপুরের নরেন্দ্রপুরে একটি দুধ উৎপাদনকারী কারখানার গেটে বুধবার ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকদের একাংশ। তাঁরা মজুরি বৃদ্ধির দাবিও তোলেন। তাঁদের অভিযোগ, ছ’জন শ্রমিককে অন্যায়ভাবে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভ উঠে যায়।



