লন্ডন: লর্ডসেই কি শেষবার ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে? রবিবারের সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ক্রিকেটমহলের প্রশ্ন এটাই। বিসিসিআই যদিও যাবতীয় জল্পনাকে উড়িয়ে দিয়েছে। স্পষ্ট জানিয়েছে এটা কোনোমতেই হিটম্যানের বিদায়ী ম্যাচ নয়। বোলিং কোচ মর্নি মর্কেলও তাঁর উপর আস্থা রাখার কথা বলেছেন। তবে তারপরও ১৫ মাস পরের ওডিআই বিশ্বকাপে নিশ্চিত নন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে এসেছে মাত্র ৩৭ রান। একেবারেই ছন্দে দেখায়নি ৩৯ বছর বয়সিকে। তাঁর পক্ষে পরের বছর দক্ষিণ আফ্রিকায় কাপযুদ্ধে অংশ নেওয়া কতটা সম্ভব? সংশয় থেকেই যাচ্ছে। তবে লর্ডসে দুরন্ত ইনিংস খেলে যাবতীয় আলোচনা গ্যালারিতে আছড়ে ফেলতেই পারেন মুম্বইকর।
বিরাট কোহলিকে নিয়ে যদিও সেই সংশয় নেই। বৃহস্পতিবারও কার্ডিফে শতরানের দিকেই এগচ্ছিলেন। কিন্তু জোফ্রা আর্চারের ডেলিভারিতে তিনি ফিরতেই ধস নামে মিডল অর্ডারে। শেষ ৭ উইকেট মাত্র ৫৫ রানে হারায় ভারত। ইনিংসে দাঁড়ি পড়ে ৪৪ ওভারে। ফলে ৬ ওভার বাটিং করাই যায়নি। লর্ডসে নামার আগে চিন্তায় রাখছে শর্টপিচ ডেলিভারির বিরুদ্ধে ব্যাটারদের অস্বস্তি। হোমটিমের পেস ব্রিগেড রবিবার নির্ঘাত সেভাবেই ছক কষছে। ঈশান কিষানের আউট তাদের উৎসাহিত করতে যথেষ্ট। তবে এই ম্যাচে লোকেশ রাহুলের দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ওয়াশিংটন সুন্দরের ছিটকে যাওয়ায় দলে বদল হচ্ছেই। বিকল্প হিসেবে স্পিন অলরাউন্ডার যশ দুবে ডাক পেয়েছেন। তবে খেলানো হতে পারে কুলদীপ যাদবকেও। দুরন্ত ফর্মে থাকা জো রুটকে আটকাতে ভূমিকা নিতেই পারেন চায়নাম্যান। উল্লেখ্য, দুটো ম্যাচে মোট ১৭৫ রান করে ফেলেছেন বর্ষীয়ান ইংরেজ। ভারতের সিরিজ জয়ের পথে কাঁটা তিনিই।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে এটা ২২তম ওডিআই সিরিজ। এরমধ্যে ইংল্যান্ড জিতেছে ৭টিতে। ২০১৮ সালে শেষবার জয়ী হয় তারা। এবার ফের ওডিআই সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। অন্যদিকে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরমুশ হওয়ার পর ভারতের সামনে লর্ডস মুখরক্ষার দারুণ মঞ্চ। এই মাঠে একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার শেষ জয় অবশ্য সেই ২০০৪ সালে।
খেলা শুরু বিকেল ৩-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।