সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে মাদক সহ গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি। ধৃতের নাম বিষ্ণু রায়। তিনি তৃণমূলের আলিপুরদুয়ার ২ নং ব্লকের মাঝেরডাবরী (পশ্চিম) অঞ্চলের সভাপতি। ধৃত বিষ্ণু আবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীও। বিষ্ণুর সঙ্গেই পুলিস গ্রেপ্তার করেছে মালদহের কালিয়াচকের শাবাসপুরের বাসিন্দা মাদক সরবরাহকারী সঞ্জয় মণ্ডল নামে আরও এক যুবককে। পুলিস সূত্রে খবর, গতকাল, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ মালদহের ওই যুবকই তৃণমূলের অঞ্চল কার্যালয়ের সামনে বিষ্ণুকে মাদক দিতে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে শামুকতলা থানার পুলিস অভিযান চালিয়ে মাদক সহ দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে পুলিস ৫২ গ্রাম মাদক বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে আইন আইনের পথে চলবে। ধৃত সঞ্জয় মণ্ডল মালদহ থেকে ট্রেনে করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমেছিল। তারপরেই বিষ্ণুবাবু ও তাঁর সাগরেদদের রাতেই মাদক দিতে গিয়েছিল সে। এমনটাই জানিয়েছে পুলিস। ধৃত বিষ্ণুর স্ত্রী লিপিকা রায় মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের সদস্যা। পুলিস ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। আজ, মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে।



