Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ডাচদের হারিয়ে চমক আলজেরিয়ার, তিনকাঠির নীচে ভরসা জোগালেন জিদানপুত্র

বিশ্বকাপে বল গড়ানোর আগেই খবরের শিরোনামে উঠে এল আলজেরিয়া।

ডাচদের হারিয়ে চমক আলজেরিয়ার, তিনকাঠির নীচে ভরসা জোগালেন জিদানপুত্র
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রটারডাম: কাতার বিশ্বকাপের শুরুতেই চমক দিয়েছিল সৌদি আবর। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আর্জেন্তিনাকে বশ মানিয়েছিল এশিয়ার দেশটি। এবার বিশ্বকাপে বল গড়ানোর আগেই খবরের শিরোনামে উঠে এল আলজেরিয়া। বুধবার কাপ যুদ্ধের প্রস্তুতিতে হেভিওয়েট নেদারল্যান্ডসকে বশ মানাল উত্তর আফ্রিকার দেশটি। কাকতালীয়ভাবে ২০২৬ বিশ্বকাপে তারাই আবার মেসিদের প্রথম প্রতিপক্ষ। তাই এখন থেকেই তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন দলের কোচ ভ্লাদিমির পেটকোভিচ। বুধবার আলজেরিয়ার একমাত্র গোলটি আসে আনিস মৌসার পা থেকে। তবে দলের জয়ের প্রধান কারিগর গোলরক্ষক লুকা জিদান। ম্যাচে অন্তত বার পাঁচেক দলের নিশ্চিত পতন রুখে দেন জিনেদিন জিদানের পুত্র। আর তাতেই ঘরের মাঠে খালি হাতে ফিরতে হল ডাচ ব্রিগেডকে।

Advertisement

মার্কিন মুলুকে অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে খেলতে নামছে নেদারল্যান্ডস। কয়েকদিন আগেই জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট তো দাবি করেছিলেন, এবার কাপ ঘরে তুলবে ডাচরা। অর্থাৎ, ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনাল জিতবে রোনাল্ড কোম্যানের ছেলেরা। তবে বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামার আগেই আলজেরিয়ার কাছে হার অবশ্যই বড় ধাক্কা মেম্ফিস ডিপে-ডে জংয়ের কাছে। বৃহস্পতিবারই বিশ্বকাপ খেলতে নিউ ইয়র্কের রওনা দেয় নেদারল্যান্ডস দল। আগামী সোমবার উজবেকিস্তানের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আর ১৪ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। তাই আগামী কয়েকদিন আলজেরিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখাই প্রধান লক্ষ্য কোচ কোম্যানের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ