মহারাজগঞ্জ: নেপালে হড়পা বানের জেরে উত্তরপ্রদেশের কুশিনগর ও মহারাজগঞ্জে সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রতি মুহূর্তে গন্ডক সহ বিভিন্ন নদীর উপর নজর রাখা হচ্ছে। মহারাজগঞ্জে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলশাসক প্রশান্ত কুমাার সহ বহু পদস্থ আধিকারিক। তিনি বলেন, ‘জলস্তরের উপর নজর রাখা হচ্ছে। স্থানীয়দের প্রয়োজন ছাড়া নদীর কাছে যেতে বারণ করা হচ্ছে।’ অন্যদিকে, পার্শ্ববর্তী কুশিনগরে বাল্মিকীনগর ব্যারাজের খোঁজখবর রাখছেন জেলাশাসক মহেন্দ্র সিং তানোয়ার। তিনি জানান, বর্তমানে বাল্মিকীনগর ব্যারাজের ৩৬টি গেট খোলা রয়েছে। তবে ব্যারাজের জল ছাড়ার পরিমাণ বুধবারের তুলনায় বেশ কিছুটা কমেছে। গন্ডক নদীর জলও কমতে শুরু করেছে। এবিষয়ে জলসম্পদ বিভাগের এক আধিকারিক বলেন, ‘বুধবার রাত ১১টা নাগাদ দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয়। এটাই সর্বোচ্চ। এরপর থেকে পরিমাণ কমতে থাকে।’ প্রসঙ্গত, বুধবার বিহারের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছিল স্থানীয় প্রশাসন। তবে এখনও পর্যন্ত তীরবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। এরইমধ্যে বৃহস্পতিবার আকাশপথে নেপাল সীমান্ত লাগোয়া অঞ্চলগুলি পরিদর্শন করলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।



