নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাফল্যের চূড়ায় মোহন বাগান। দুরন্ত আক্রমণভাগের পাশাপাশি মজবুত রক্ষণই নেপথ্য কারণ। সেকথা মাথায় রেখেই ডিফেন্ডার টম আলড্রেডের সঙ্গে চুক্তি বাড়িয়েছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। ইংল্যান্ডের স্টপার নিজেও খুশি। তাঁর মন্তব্য, ‘কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত উপহার দিয়েছে মোহন বাগান। অসাধারণ মরশুম।’ আইএসএলের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পরেরবার এসিএল টু’তে অংশ নেবে মোলিনা ব্রিগেড। আলড্রেডও নিজেকে উজাড় করে দিতে মরিয়া।
অস্ট্রেলিয়ান এ লিগের ক্লাব ব্রিসবেন রোর থেকে সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দেন আলড্রেড। মরশুম শুরুতে একটু নড়বড় করলেও সময় গড়ানোর সঙ্গেই ক্রমশ মানিয়ে নেন তিনি। দুর্গরক্ষার পাশাপাশি তিনটি গোলও রয়েছে তাঁর নামের পাশে। মরশুম শুরুতে ডুরান্ড কাপে ব্যর্থ হয় মোহন বাগান। তবে দলের মনোবল অটুট ছিল। আলড্রেড বলেছেন, ‘আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল গোটা দল। টিম স্পিরিটই আসল।’ আগামী মরশুমে দলকে আরও বড় সাফল্য দিতে তৈরি তিনি। আলড্রেডের মন্তব্য, ‘সেই ক্ষমতা আমাদের রয়েছে। সমর্থকদের আরও সুন্দর মুহূর্ত উপহার দিতে চাই।’