নিউ ইয়র্ক: দাপটে ইউএস ওপেনে অভিযান শুরু করলেন কার্লোস আলকারাজ। ডান কবজির চোট সারিয়ে চার মাস পর সোমবার কোর্টে ফিরে ২৩ বছর বয়সি প্রথম রাউন্ডে ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারালেন রাশিয়ার রোমান সাফিউলিনকে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা স্ট্রেট সেটে জয়ের পর বলেন, ‘এই কয়েক মাস খুব কঠিন ছিল। ইউএস ওপেনে প্রথম ম্যাচে তাই যতটা সম্ভব উপভোগ করতে চেয়েছিলাম। এটা আমার কাছে স্পেশাল টুর্নামন্টে। এই আবহটাই বড্ড মিস করেছি। যে মানের টেনিস খেলেছি, তাতে খুশি। নিশ্চিতভাবেই যত দিন গড়াবে, তত উন্নতি হবে খেলায়।’
ফিটনেস নিয়ে যে মনের কোণে সংশয় ছিল তা লুকিয়ে রাখেননি আলকারাজ। তাঁর কথায়, ‘ম্যাচ চলাকালীন কবজিতে কোনো সমস্যা হবে কিনা, তা নিয়ে চিন্তায় ছিলাম। মনে রীতিমতো সংশয় ছিল। চার বা পাঁচ সেট লড়াই চললে টিকতে পারব কিনা সেই দুশ্চিন্তাও হচ্ছিল।’ দ্বিতীয় রাউন্ডে সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর প্রতিপক্ষ পর্তুগালের জেমি ফারিয়া। এবারের আসরে জানিক সিনার চোটের জন্য নেই। তার উপর প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই নোভাক জকোভিচ। তাই আলকারাজকে নিয়েই আগ্রহ তুঙ্গে। পুরুষদের সিঙ্গলসে অবশ্য হেরে গেলেন স্ট্যান ওয়ারিঙ্কা। ২০১৬ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন ওয়াইল্ড কার্ড নিয়ে এসেছিলেন। কিন্তু ৪১ বছর বয়সিকে ৭-৬, ৭-৬, ৬-০ হারান মাতেও বেরেত্তিনি। পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মার্টিন ড্যাম জুনিয়রকে ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে বশ মানান আমেরিকার ফ্রান্সেস টিয়াফো।
এদিকে, মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন আরিনা সাবালেঙ্কা। এই আসরে গত দু’বারই চ্যাম্পিয়ন তিনি। হ্যাটট্রিকের লক্ষ্যে আসা সাবালেঙ্কা সোমবার প্রথম রাউন্ডে ৬-৪, ৬-৪ হারান ক্যামিলা ওসোরিওকে। ফ্লাশিং মিডোয় মহিলাদের সিঙ্গলসে পরের রাউন্ডে উঠলেন ইগা সুইয়াটেক, ম্যাডিসন কিজ, নাওমি ওসাকাও। তবে জয়ের চেয়েও নাওমির অদ্ভুত পোশাক পরে কোর্টে আসা নিয়েই চর্চায় টেনিসমহলে।