নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট নষ্টের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার মুম্বই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল মোহন বাগান। হালকা ফিজিক্যাল ট্রেনিংয়ের পর বল পায়ে পুরোদমে সিচুয়েশন প্র্যাকটিস সারছিলেন দিমিত্রি-ম্যাকলারেনরা। তখনই কিয়ান নাসিরির সঙ্গে বল দখলের লড়াইয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান আলবার্তো রডরিগেজ। সঙ্গে সঙ্গেই পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন দীর্ঘকায় এই স্প্যানিশ ডিফেন্ডার। ছুটে আসেন দলের ফিজিও, ম্যাসিওর। বেশ কিছুক্ষণ চোটের জায়গায় বরফ দেওয়া হয়। তবে তাতেও ব্যথা খুব একটা কমেনি। কোনওক্রমে খোঁড়াতে খোঁড়াতেই ড্রেসিং-রুমে ফেরেন আলবার্তো। বাকিটা সময়টা সেখানেই ছিলেন। এমনকী, অনুশীলন শেষে গাড়িতে ওঠার সময়ও তাঁর হাঁটাচলাতে ছিল অস্বস্তি। প্রাথমিকভাবে চোট খুব একটা গুরুতর মনে না হলেও, কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কোচ লোবেরা। মুম্বই ম্যাচের আগে আরও দু’দিন হাতে পাবেন তিনি। তাই বুধবার প্র্যাকটিসে আলবার্তোকে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাগান কোচ।



