রিয়াধ: বিরতিতে ২ গোলে পিছিয়ে দল। তার উপর লাল কার্ড দেখেন এক ফুটবলার। এমন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন আল নাসের কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লু। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নেন তিনি। কোচের এই সিদ্ধান্তে ক্ষেপে লাল পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয়ার্ধে বেঞ্চে না বসে সোজা চলে যান ড্রেসিং-রুমে। তবে কোচের এই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা ম্যাচের ফলেই প্রমাণিত। দু’গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন আল নাসেরের। সাদি মানের জোড়া গোলে ভর করে আল এতিফাকের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিল তারা। ম্যাচের অপর গোলদাতা আবদুল্লা আল-আমেরি। এই জয়ের সুবাদে সৌদি প্রো লিগে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল আল নাসের।
জয়ের দিনে অবশ্য রোনাল্ডোর আচরণ নিয়ে বেশ বিরক্ত ক্লাব কর্তৃপক্ষ। কোচ পোস্টেকোগ্লু অবশ্য পর্তুগিজ মহাতারকার পাশে দাঁড়িয়ে বলেন, ‘ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ডিফেন্ডাররা ওকে কড়া মার্কিংয়ে রেখেছিল। তার উপর একজন লাল কার্ড দেখায় আরও বেশি চাপ বাড়ছিল। তাই আমি রোনাল্ডোর সঙ্গে কথা বলেই ওকে পরিবর্তন করি। এটা পুরোটাই ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। জানি, ওর মতো ফুটবলার সবসময় মাঠে থেকে দলকে সাহায্য করতে চায়। তবে কখনও কখনও দলের স্বার্থে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’ উল্লেখ্য, বিয়ের কারণে লিগের প্রথম ম্যাচে দলে ছিলেন না রোনাল্ডো। তবে গত ম্যাচে স্কোয়াডে ফিরেই স্কোরশিটে নাম তোলেন তিনি। সেই সঙ্গে কেরিয়ারে ৯৭৭টি গোল হয়ে গেল পর্তুগিজ মহাতারকার। হাজার গোলের মাইল ফলক থেকে আর মাত্র ২৩টি লক্ষ্যভেদ দূরে তিনি। মঙ্গলবার সেই সংখ্যাটা আরও কমানোই ছিল তাঁর লক্ষ্য। সুযোগ হারিয়ে মেজাজ বিগড়ে যায় মহারথীর।