টেস্ট সিরিজে আকাশ, দলে পন্থ-বুমরাহও
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিউজিল্যান্ডে ভারতের টেস্ট স্কোয়াডে প্রত্যাশামতোই এলেন আকাশ দীপ। ইরানি কাপ ও রনজি ট্রফির প্রথম ম্যাচে নিজেকে ফিট প্রমাণ করেছেন বাংলার এই পেসার। দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে প্রত্যাবর্তন ঘটেছে আর এক পেসার অংশুল কম্বোজের। ১৬ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাও। তবে তার আগে ওডিআই সিরিজের সময়ই ফিটনেসের প্রমাণ দিতে হবে তাঁকে। বাঁ হ্যামস্ট্রিংয়ের সমস্যায় গত দু’সপ্তাহ ধরেই রিহ্যাবে ব্যস্ত প্রসিদ্ধ। ফিটনেসের ছাড়পত্র দিতে হবে ঋষভ পন্থকেও। তবে শুধু টেস্ট সিরিজেই দলে আছেন তিনি। উল্লেখ্য, ইরানি কাপ খেলার সময় চোট পান পন্থ।

Advertisement

যশপ্রীত বুমরাহকে অবশ্য একদিনে সিরিজের দলে রাখাই হয়নি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টেস্ট সিরিজের দলে আছেন ‘বুমবুম’। দুই টেস্টের প্রথমটি শুরু হচ্ছে ১৯ নভেম্বর ওয়েলিংটনে। পরের বছরের গোড়ায় বর্ডার-গাভাসকর ট্রফির কথা মাথায় রেখে বুমরাহর ওয়ার্কলোড কমাতে চাইছে বোর্ড। তবে মুকেশ কুমারের জায়গা হয়নি টেস্ট স্কোয়াডে। মহম্মদ সামির জন্যও খোলেনি দরজা। 
এদিনই একদিনের সিরিজের জন্য দু’টি দল বেছে নেওয়া হয়েছে। প্রথম তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তারপর টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন লোকেশ রাহুলরা। শেষ দুই একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার নেতৃত্বে শ্রেয়স আয়ার।