নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের পরই নিউজিল্যান্ডের উড়ান ধরবে টিম ইন্ডিয়া। সেখানে ২২ অক্টোবর প্রথম টি-২০ ম্যাচ। কিউয়িদের দেশে ৫ ম্যাচের টি-২০ সিরিজ ও সমসংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। রয়েছে দু’টি টেস্টও। এই তিন সিরিজের জন্য মঙ্গল-বুধবারের মধ্যেই দল বেছে নিতে পারেন জাতীয় নির্বাচকরা। অজিত আগরকরের মেয়াদ পূর্ণ হওয়ার পর এখন প্রজ্ঞান ওঝাই চারজনের নির্বাচকমণ্ডলীর নেতৃত্বে। ওই সময় ভারত ‘এ’ দলও নিউজিল্যান্ড সফরে তিনটি বেসরকারি টেস্ট খেলবে। তাই চারটি দল বাছতে হবে নির্বাচকদের।
যা আভাস, তাতে টেস্ট সিরিজে আকাশদীপের ফেরা নিশ্চিত। ইরানি কাপে তাঁর বোলিংয়ে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। পিঠের চোট সারিয়ে ওঠা ২৯ বছর বয়সি ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ২৪ ওভার বল করেছেন। গতি ছিল ঘণ্টায় ১৩৮ থেকে ১৪০ কিলোমিটার। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার ও আকাশের সঙ্গে ষষ্ঠ পেসার হিসাবে টেস্ট স্কোয়াডে থাকতে পারেন মুকেশ কুমার। ইরানি কাপে তাঁর সংগ্রহ মোট ৮ উইকেট।
ভারতের ওডিআই স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন টেস্টও। এঁরা হলেন অধিনায়ক শুভমান গিল, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, নীতীশ রেড্ডি। ফিট থাকলে এই তালিকায় যোগ হবেন প্রসিদ্ধ, গুরনুরও। যে ক্রিকেটাররা এখন শুধু টেস্ট দলেই রয়েছেন, তাঁদের ‘এ’ দলের হয়ে অন্তত একটি বেসরকারি টেস্টে খেলাতে চাইছে বোর্ড। এই তালিকায় থাকছেন ঋষভ পন্থ, সাই সুদর্শন, দেবদত্ত পাদিক্কাল, ধ্রুব জুরেলরা। উল্লেখ্য, নিউজিল্যান্ডে ওডিআই সিরিজ ও টেস্ট সিরিজের মধ্যে মাত্র চারদিনের ফারাক। লাল বলের ঘরানার সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য ক্যাপ্টেন শুভমান গিল ওডিআই সিরিজের শেষ দুটো ম্যাচে বিশ্রাম নিলেও নিতে পারেন। সেক্ষেত্রে ওডিআই দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার।