সিঙ্গাপুর: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডিং লিরেন ও ডি গুকেশের হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত। বুধবার ১৩তম গেম ড্র হল। উভয়েরই স্কোর এখন সমান (৬.৫-৬.৫)। ফলে বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপের চতুর্দশ তথা নির্ণায়ক গেম হয়ে দাঁড়ালো স্নায়ুর লড়াই। তা সামলে বিশ্বসেরার মুকুট মথায় তুলতে মরিয়া দুই দাবাড়ুই। সেই গেমও ড্র হলে ফয়সালা হবে টাই-ব্রেকারে। লিরেনকে ১১তম গেমে হারিয়ে খেতাবের স্বপ্ন উস্কে দিয়েছিলেন গুকেশ। কিন্তু পরের গেমেই ভারতীয় তরুণকে হারিয়ে সমতায় ফেরেন গতবারের চ্যাম্পিয়ন। বুধবার সাদা ঘুঁটির সুবিধা ছিল গুকেশের সঙ্গে। পাঁচ ঘণ্টার লড়াইয়ে বেশ কয়েকবার চীনা দাবাড়ুকে চাপেও ফেলেন তিনি। কিন্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিপদ সামলে নেন লিরেন। শেষ পর্যন্ত ৬৮ চালের পর ড্র হয়। অন্তিম গেমে কালো ঘুঁটিতে খেলতে হবে গুকেশকে। ফলে কঠিন চ্যালেঞ্জ। ১৮ বছর বয়সি অবশ্য আত্মবিশ্বাসী। তাঁর কথায়, ‘শেষ গেম পর্যন্ত লড়াই গড়ানোয় খুশি। বৃহস্পতিবার সেরাটা উজাড় করে দিতে আমি প্রস্তুত।’



