কলকাতা, ৫ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে দাপুটে ইনিংসের পর একলাফে ৩৮ ধাপ এগিয়ে গেলেন অভিষেক শর্মা। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন এই তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে কার্যত তিনি একা হাতে গুঁড়িয়ে দিয়েছেন। এরই পুরস্কার তিনি পেলেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৫৪ বলে ১৩৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। টি-টোয়েন্টিতে ক্রিকেটে আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেটার হিসেবে যা সবচেয়ে বেশি রানের নজির। এই ঝোড়ো ব্যাটিং-এর জেরেই নয়া রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের পরেই রয়েছে অভিষেকের নাম। হেডের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ২৬। ঘটনাচক্রে দু’জনই বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের সক্রিয় সদস্য। গত বছর টি-টোয়েন্টিতে ভারতের হয়ে প্রথম খেলেন অভিষেক। মূলত আগ্রাসী মেজাজে খেলার জন্যই তিনি পরিচিত। অভিষেকের পাশাপাশি তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদবও রয়েছেন টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশের তালিকায়।



