Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় বিমানবন্দর, খুশি সব মহল

পুরুলিয়ায় হবে নতুন বিমান বন্দর। বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পর জেলার পর্যটন ও বাণিজ্য মহলে খুশির হাওয়া।

পুরুলিয়ায় বিমানবন্দর, খুশি সব মহল
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,পুরুলিয়া: পুরুলিয়ায় হবে নতুন বিমান বন্দর। বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পর জেলার পর্যটন ও বাণিজ্য মহলে খুশির হাওয়া। বিমানবন্দর নির্মাণ শেষ হলে পুরুলিয়ার সঙ্গে রাজ্যের অন্য প্রান্তের যোগাযোগ কয়েকগুণ বেড়ে যাবে বলেই আশা জেলাবাসীর। তবে কবে তা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয়ও রয়েছে জেলার বাসিন্দাদের মধ্যে। 

Advertisement

পুরুলিয়া জেলায় নতুন বিমানবন্দর তৈরির কথা বাজেটে ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জেলার কোথায় ওই বিমানবন্দর হবে তা নিয়ে বাজেটে কিছু বলা না হলেও প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মফস্‌ল থানার অন্তর্গত ছররা এরোড্রামেই বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের। 
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরুলিয়ার ছররায় কয়েক’শো একর জায়গা জুড়ে তৈরি হয়েছিল ‘এরোড্রাম’। তারপর থেকে সেই জায়গা অব্যবহৃত অবস্থাতেই পড়ে রয়েছে। বিগত সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নিজে একাধিকবার ছররায় বিমানবন্দর নির্মাণে রাজ্য সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো কাজও খানিক এগিয়েছিল। পরিবহণ দপ্তরের আধিকারিকদের উচ্চ পর্যায়ের টিম একাধিকবার ওই জায়গা পরিদর্শন করেছিলেন। মাপজোকও হয়েছিল। কিন্তু তারপর আর কাজ এগয়নি। রাজ্যে পালাবদলের পর ফের ছররাতে বিমানবন্দর তৈরির কথা বাজেটে ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে পুরুলিয়ায় বিমানবন্দর হলে তা জেলাবাসীর জন্য বড় প্রাপ্তি বলেই একবাক্যে মানছেন সবাই। 
পুরুলিয়া ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড লজ কিপার অ্যাসোসিয়শনের সভাপতি সুপ্রিয় দত্ত বলেন, পুরুলিয়ায় বিমানবন্দর হলে জেলার পর্যটন ব্যবসা কয়েকগুণ বাড়বে। বর্তমানে কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য ট্রেনের টিকিট পেতে পর্যটকদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। বন্দে ভারত ট্রেনেও খরচা অনেক বেশি। তারই কাছাকাছি খরচে যদি বিমানে অর্ধেকেরও কম সময়ে পুরুলিয়া যাওয়া আসা করা যায় তাহলে জঙ্গলমহলের এই জেলায় পর্যটকদের ‘শর্ট ট্রিপ’ বাড়বে।  এবিষয়ে ফেডারেশন অব মিডিয়াম অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মনোজ ফোগলা বলেন, নতুন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছি। আগেও ঘোষণা হয়েছিল কিন্তু বিমানবন্দর হয়নি। এবার বাস্তবায়িত হলে জেলার পর্যটন শিল্প ও বাণিজ্যের চেহারাই পালটে যাবে। অন্যদিকে, পুরুলিয়ায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলে স্বাস্থ্য ব্যবস্থারও উন্নতি হবে বলেই মনে করছেন বাসিন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ