নয়াদিল্লি: দেশের নতুন বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। বর্তমানে তিনি ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ পদে কর্মরত। পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল সহ একাধিক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং আগামী ৩১ অক্টোবর অবসর গ্রহণ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন এয়ার মার্শাল দীক্ষিত। কার্গিল যুদ্ধের সময় ‘অপারেশন সফদে সাগরে’ অসামান্য অবদান ছিল তাঁর। অংশ নিয়েছিলেন ‘অপারেশন রক্ষকে’ও।
১৯৮৬ সালের ডিসেম্বরে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগদান করেন এয়ার মার্শাল দীক্ষিত। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী। রয়েছে ৩ হাজার ৫০০ ঘণ্টার উড়ান অভিজ্ঞতা। ওয়েস্টার্ন সেক্টরে মিরাজ ২০০০ স্কোয়াড্রনের নেতৃত্বভার সামলেছেন তিনি। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সদর দপ্তরে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (সিআইএসসি) এবং সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ সহ গুরুত্বপূর্ণ অপারেশনাল ও কৌশলগত পদেও কর্মরত ছিলেন এয়ার মার্শাল দীক্ষিত।